আজমলের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি
গল টেস্টে শ্রীলঙ্কার কাছে হারের পর একটি দুঃসংবাদও পেয়েছে পাকিস্তান। অফস্পিনার সাঈদ আজমলের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি করেছে আম্পায়ারা।
আম্পায়াররা আপত্তি তোলায় আইসিসির নিয়ম অনুযায়ী ২১ দিনের মধ্যে বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে হবে আজমলকে। তবে পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত ম্যাচে বল করতে পারবেন তিনি।
আইসিসি জানায়, ম্যাচের আম্পায়াররা আজমলের বেশ কয়েকটি ডেলিভারি নিয়ে সন্দেহ পোষণ করেন। তারা জানান, এই স্পিনারের বোলিং অ্যাকশন পরীক্ষা করে দেখার প্রয়োজন আছে।
এ সংক্রান্ত প্রতিবেদনটি পাকিস্তানের ম্যানেজার মঈন খানের কাছে দেয়া হয়েছে।
"আইসিসি আমাদের বিষয়টি জানিয়েছে । এতে আমরা অবাক হয়েছি।"
দলের সেরা বোলারের পাশে থাকার কথা উল্লেখ করে মঈন জানান, দ্বিতীয় টেস্টে আজমলকে তারা খেলাবেন।
দুই দেশের দ্বিতীয় ও শেষ টেস্টটি কলম্বোতে শুরু হবে আগামী বৃহস্পতিবার।
আজমলের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি এবারই প্রথম নয়। এর আগে ২০০৯ সালের এপ্রিলে তার দুসরা ডেলিভারি নিয়ে আপত্তি তুলেছিলেন আম্পায়াররা। পরের মাসেই অবশ্য পরীক্ষায় প্রমাণিত হয় তার অ্যাকশন ঠিকই আছে।
