২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহকারী কোচ হলেন কালপাগে

ফিল্ডিং কোচ নয়, রুয়ান কালপাগেকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার বাংলাদেশের স্পিনারদের নিয়ে কাজ করবেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 11:30 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের কালপাগে বলেন, “এই মাত্র চুক্তি স্বাক্ষর করেছি। কর্মকর্তারা আমাকে কয়েকদিন আগে জানিয়েছেন, আমি আমি সহকারী ও স্পিন বোলিং কোচ। স্পিনারদের নিয়ে কাজ করবো ফিল্ডিং নয়।”

বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস জানান, পিয়াল বিজেতুঙ্গে দায়িত্ব না নেয়ায় এই পরিবর্তন আনা হয়।

“বিজেতুঙ্গে শ্রীলঙ্কায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার পর আমরা কালপাগেকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেই। আমরা এখন ফিল্ডিং কোচ খুঁজছি।”

এনিয়ে দ্বিতীয়বার বাংলাদেশের কোচ হলেন কালপাগে। ২০০৮ থেকে ২০১০ সালে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচ ছিলেন তিনি। অধিনায়ক মুশফিকুর রহিমসহ জাতীয় দলের বেশ কয়েকজনের সঙ্গে কাজ করেছেন তিনি।

কঠোর পরিশ্রম করতে চায় এমন খেলোয়াড়দের জন্য সাগ্রহে অপেক্ষা করছেন বলে জানান কালপাগে।

“আমি জানি ওরা মেধাবী। ওরা দ্রুত দলে ফিরতে পারে। ওরা বাংলাদেশের ক্রিকেটে অবদান রাখতে পারে। আমি একই সঙ্গে নতুনদের দিকেও তাকিয়ে আছি।”

গত ৪ অগাস্ট পদত্যাগ করলেও গল টেস্ট পর্যন্ত শ্রীলঙ্কার সহকারী কোচ ছিলেন কালপাগে। তবে পঞ্চম দিন তিনি শ্রীলঙ্কা ছাড়েন।

কালপাগে দশ বছর ধরে জাতীয় দলের কোচিংয়ের সঙ্গে জড়িত। তিনি বাংলাদেশের কোচিং স্টাফদের মধ্যে চতুর্থ নতুন সদস্য। এর আগে শ্রীলঙ্কার চন্দিকা হাথুরুসিংহেকে প্রধান কোচ, জিম্বাবুয়ের হিথ স্ট্রিককে বোলিং কোচ এবং মারিও ভিল্লাভারায়নকে ট্রেইনার হিসেবে নিয়োগ দেয় বিসিবি।