ধীরে এগুচ্ছে দক্ষিণ আফ্রিকা
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে দেখেশুনে খেলছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। তবে বড় সংগ্রহ গড়ার পথেই আছে দলটি।
রোববার হারারে টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ২০১ রান। এখনো ৫৫ রানে পিছিয়ে আছে অতিথিরা।
আলভিরো পিটারসেনের সঙ্গে ৫৭ ও ফাফ দু প্লেসির সঙ্গে ৭৫ রানের দুটি জুটি গড়ে দলকে ১ উইকেটে ১৩২ রানে পৌঁছে দেন ডিন এলগার।
৬১ রান করে এলগারের বিদায়ের পর অধিনায়ক হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্স দ্রুত তাকে অনুসরণ করলে অস্বস্তিতে পড়ে অতিথিরা। তবে কুইন্টন ডি ককের সঙ্গে অবিচ্ছিন্ন ৪৪ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছেন দু প্লেসি। ডি কক ২৭ ও দু প্লেসি ৬৯ রানে ব্যাট করছেন।
দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের রানের জন্য লড়াই-ই করতে হচ্ছে। টিনাশে পানিয়াঙ্গারা ১৬ ওভার মাত্র ১৮ আর টেন্ডাই চাটারা ১৫ ওভার মাত্র ১৭ রান দেন।
জিম্বাবুয়ের পক্ষে অভিষিক্ত জন নিউম্বু ৭১ রানে ২ উইকেট নেন।
এর আগে হারারে স্পোর্টস ক্লাব মাঠে ৯ উইকেটে ২৪৮ রান নিয়ে খেলা শুরু করে ২৫৬ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।
শেষ ব্যাটসম্যান নিউম্বুকে ডি ককের গ্লাভসবন্দী করে নিজের পঞ্চম উইকেটটি নেন ডেল স্টেইন (৫/৪৬)। এনিয়ে ২৪ বার ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ২৫৬ (সিবান্দা ০, মাসাকাদজা ৪৫, ভারমেউলেন ১৪, টেইলর ৯৩, চাকাবভা ০, উইলিয়ামস ২৪, মুতুমবামি ২১, পানিয়াঙ্গারা ১২, টিরিপানো ১৫*, চাটারা ২২, নিউম্বু ২; স্টেইন ৫/৪৬, পিট ৪/৯০, ফিল্যান্ডার ১/৫১)
দক্ষিণ আফ্রিকা: ২০১/৪ (এলগার ৬১, পিটারসেন ৩২, দু প্লেসি ৬৯*, আমলা ৪, ডি ভিলিয়ার্স ৭, ডি কক ২৭*; নিউম্বু ২/৭১, চাটারা ১/১৭, টিরিপানো ১/৪২)
