২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সামনে গেইল-পোলার্ড ঝড়

বাংলাদেশের বিপক্ষে দেশের মাটির ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৩ সদস্যের দলে ফিরেছেন দুই মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল, কাইরন পোলার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 04:32 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ফিরেছেন ডোয়াইন ব্রাভো ও কেমার রোচ।

কাঁধের চোট কাটিয়ে ফেরা ব্রাভো বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্ব দেবেন। ২০১৪ আইপিএল মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে ফিল্ডিং করার সময় কাধে চোট পান ব্রাভো। এরপর থেকেই দলের বাইরে ছিলেন তিনি।

পিঠের চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি গেইল। তবে বাংলাদেশের বিপক্ষে ফিরে এলেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।

পোলার্ড ভুগছিলেন হাঁটুর চোটে। আর রোচের চোট ছিল কাঁধের।

এই চার জন দলে ফিরলেও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই কাইরন পাওয়েল, মারলন স্যামুয়েলস ও ডোয়াইন স্মিথ।

নিউ জিল্যান্ডের বিপক্ষে দেশের মাটির টেস্ট সিরিজে ভালো করতে না পারায় বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ পাননি পাওয়েল ও স্যামুয়েলস। আর স্মিথ বাদ পড়েন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করতে না পারায়।

১৩ অগাস্ট ওয়েস্ট ইন্ডিজের পৌঁছাবে বাংলাদেশ। ১৭ অগাস্ট গ্রেনাডার প্রগ্রেস পার্কে একমাত্র ওয়ানডে প্রস্তুতি ম্যাচটি খেলবে তারা।

২০ ও ২২ অগাস্ট গ্রেনাডায় হবে প্রথম দুটি ওয়ানডে। ২৫ অগাস্ট সেন্ট কিটসে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ থেকে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে এসেছিল বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: ডোয়েইন ব্রাভো (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, কার্ক এডওয়ার্ডস, ক্রিস গেইল, জেসন হোল্ডার, নিকিতা মিলার, সুনিল নারাইন, কাইরন পোলার্ড, দিনেশ রামদিন, রবি রামপাল, ড্যারেন সামি, লেন্ডল সিমন্স।