২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতিতে সন্তুষ্ট ইমরুল

দল নির্বাচন করার পর প্রস্তুতি ম্যাচ খেলায় খুব বড় কোনো চ্যালেঞ্জ ছিল না ক্রিকেটারদের সামনে। তবে তার পরও দুটি প্রস্তুতি ম্যাচে ক্রিকেটারদের একাগ্রতায় কোনো ঘাটতি ছিল না বলে মনে করেন টপ অর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 08:17 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

বুধবার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেন ক্রিকেটাররা। শনিবার দ্বিতীয় ম্যাচে অর্ধশতক হাঁকান ইমরুল।

ইনিংস বিরতির সময় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইমরুল।

“প্রত্যেক খেলোয়াড় নিজের কাজটা করার চেষ্টা করেছেন। ব্যাটসম্যানরা রান করার আর বোলাররা ভালো বোলিং করার চেষ্টা করেছেন। আমার মনে হয়, সবাই যার যার দায়িত্ব ঠিকভাবে পালন করেছেন।”

ভিন্ন কন্ডিশনে গিয়ে মানিয়ে নিতে কোনো সমস্যা হবে বলে মনে করেন না বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল। তিনি জানান, রান পেলে একজন ব্যাটসম্যানের আত্মবিশ্বাস বাড়েই। পরে যে কন্ডিশনেই খেলতে হোক আত্মবিশ্বাস থাকলে মানিয়ে নিতে কোনো সমস্যা হয় না।

পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেননি ইমরুলরা। ৪৪ ওভারে ২০১ রানে অলআউট হয়ে যায় বিসিবি সবুজ দল।

“আমার মনে হয়, আমাদের রান কম হয়ে গেছে। আমরা মিডল অর্ডারে খেলতে পারিনি। সেখানেই আমরা ভুল করেছি।”

তবে শুরুতে উইকেট ব্যাট করা কঠিন ছিল বলে জানান ৫৯ রান করা ইমরুল।

“দুপুরের দিকে বল পিছলে যাচ্ছিল। মিরপুরের উইকেট একের সময় একেক রকম হয়ে যায়। প্রথম দিকে বল সুইং করছিল; তাই ওরা (বোলাররা) সহায়তা পেয়েছে।”

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে রান পেয়েছিলেন ইমরুল। এই টপ অর্ডার ব্যাটসম্যান মনে করেন সেই অভিজ্ঞতা এবারের সফরে তাকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে।