২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি ঠেকাল ইংল্যান্ডকে

ভারতের পেসারদের দারুণ প্রচেষ্টার পরও প্রথম সেশনেই অতিথিদের মামুলি সংগ্রহ ছাড়িয়ে গিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসের শুরুতেই বৃষ্টির বাধায় পড়ায় লিড এগিয়ে নেয়ার পরিকল্পনা খুব একটা সফল হয়নি স্বাগতিকদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 06:26 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ২৩৭ রান; লিড ৮৫ রানের। জো রুট ৪৮ ও জস বাটলার ২২ রানে ব্যাট করছেন। এই দুজনে এরই মধ্যে অবিচ্ছিন্ন ৬৭ রানের জুটি গড়েছেন।

শুক্রবার চেষ্টার কমতি ছিল না ভুবনেশ্বর কুমার ও বরুণ অ্যারনের। কিন্তু ম্যানচেস্টার টেস্টে স্বাগতিকদের সুবিধাজনক অবস্থানে পৌঁছে যাওয়া ঠেকাতে পারেননি তারা।

চতুর্থ টেস্টের প্রথম দিন ভারতকে ১৫২ রানে অলআউট করা ইংল্যান্ড লিড বাড়ানোর পথেই আছে।

শুক্রবার ওল্ড ট্র্যাফোর্ডে ৩ উইকেটে ১১৩ রান নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড। প্রথম ঘণ্টায় আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ক্রিস জর্ডান ও ইয়ান বেলকে বিদায় করেন ভুবনেশ্বর।

নাইটওয়াচম্যান জর্ডানকে অ্যারনের ক্যাচে পরিণত করার পর বেলকে মহেন্দ্র সিং ধোনির গ্লাভসবন্দী করেন ভুবনেশ্বর।

এরপর চমৎকার এক বলে মইন আলীকে বোল্ড করে দলকে আরেকটি সাফল্য এনে দেন আগের দিন দুটি উইকেট নেয়া অ্যারন। তবে এরপর আর কোনো ক্ষতি হতে দেননি রুট ও বাটলার।

মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার সময়ে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২০১ রান। এরপর মাত্র ৩৬ রান যোগ করতেই বৃষ্টি নামলে সেখানেই খেলার সমাপ্তি। এদিন ৩৬ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি।

ভারতের পক্ষে ভুবনেশ্বর ও অ্যারন তিনটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:


ভারত: ১৫২ (ধোনি ৭১, অশ্বিন ৪০; ব্রড ৬/২৫, অ্যান্ডারসন ৩/৪৬)

ইংল্যান্ড: ২৩৭/৬ (কুক ১৭, রবসন ৬, ব্যালান্স ৩৭, বেল ৫৮, জর্ডান ১৩, রুট ৪৮*, মইন ১৩, বাটলার ২২*; ভুবনেশ্বর ৩/৪৭, অ্যারন ৩/৪৮)