পাকিস্তানের বড় সংগ্রহের পর লড়ছে লঙ্কা
ইউনুস খানের শতক আর লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ভালো সংগ্রহ গড়েছে পাকিস্তান। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ব্যাটে জবাব দিচ্ছে শ্রীলঙ্কাও।
গলে দ্বিতীয় দিনের চা বিরতির ঠিক আগে ৪৫১ রানে অলআউট হয় পাকিস্তান। আর দিন শেষে উপুল থারাঙ্গার উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৯৯ রান; এখনও ৩৫২ রানে পিছিয়ে স্বাগতিকরা।
থারাঙ্গাকে (১৯) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পাকিস্তানের পেসার জুনায়েদ খান।
কৌশল সিলভা ৩৮ ও কুমার সাঙ্গাকারা ৩৬ রানে ব্যাট করছেন। দ্বিতীয় উইকেটে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন এই দুজন।
পাকিস্তানকে গল টেস্টের প্রথম ইনিংসে ভালো সংগ্রহ এনে দিতে বড় অবদান ইউনুস খানের, ১৭৭ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। ছবি: রয়টার্স
এ ছাড়া লোয়ার মিডল অর্ডারে আসাদ শফিক (৭৫), সরফরাজ আহমেদ (৫৫) ও আব্দুর রেহমানের (৫০) ব্যাট থেকে আসে তিনটি কার্যকর অর্ধশতক।
আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ইউনুস ও শফিকের জুটি থেকে বৃহস্পতিবার দ্বিতীয় দিনে আর ৩২ রানই যোগ হয়। দুজনের মোট ১৩৭ রানের পঞ্চম উইকেট জুটিটি ভাঙে রঙ্গনা হেরাথের বলে শফিক এলবিডব্লিউ হয়ে ফিরে গেলে।
এর পর ইউনুসও আউট হয়ে ফেরেন। তবে টেস্টে মাত্র ১৮.৫৮ গড় নিয়ে ব্যাট করতে নামা সরফরাজ ও আট নম্বরে নামা রেহমানের দুটি অর্ধশতকে স্কোর বোর্ডে ভালো রান জমা করেই অলআউট হয় সফরকারীরা।
পাকিস্তানের বড় সংগ্রহের জবাবে ব্যাট হাতে ভালোই জবাব দিচ্ছেন সাঙ্গাকারা। ছবি: রয়টার্স
গল টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সর্বোচ্চ উইকেটশিকারী পেরেরা; ১৩৭ রানে ৫ উইকেট নেন এই অফস্পিনার। ছবি: রয়টার্স
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান: ৪৫১ (মনজুর ৩, শেহজাদ ৪, আজহার ৩০, ইউনুস ১৭৭, মিসবাহ ৩১, শফিক ৭৫, সরফরাজ ৫৫, রেহমান ৫০, আজমল ১২, তালহা ৯*, জুনাইদ ০; পেরেরা ৫/১৩৭, হেরাথ ৩/১১৬, প্রসাদ ২/৮১)।
শ্রীলঙ্কা: ৯৯/১ (থারাঙ্গা ১৯, কৌশল ৩৮* ও সাঙ্গাকারা ৩৬*; জুনাইদ ১/৩৮)
