অ্যান্ডারসন রায়ে আপিল করবে না আইসিসি
জেমস অ্যান্ডারসনকে নির্দোষ ঘোষণা করা রায়ের বিরুদ্ধে কোনো ধরণের আপিল করা হবে না বলে জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
জুডিশিয়াল কমিশনারের রায়ের বিরুদ্ধে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে আপিল করার জন্য আবেদন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ট্রেন্ট ব্রিজে দুই দেশের প্রথম টেস্ট চলাকালে ইংল্যান্ডের পেসারের সঙ্গে ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার ঝামেলা হয়। ভারত দল অভিযোগ করেছিল, কথা কাটাকাটির পর অ্যান্ডারসন জাদেজার বাজে আচরণ করে এবং ধাক্কা দেয়।
বিষয়টি নিয়ে পাল্টা অভিযোগ করেছিল ইংল্যান্ড দলও। জাদেজাকে অবশ্য ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেছিল কর্তৃপক্ষ। পরে শুনানিতে কারো বিরুদ্ধেই অভিযোগ প্রমাণিত হয়নি।
তবে অ্যান্ডারসন শাস্তি না পাওয়ার বিষয়টি মেনে নিতে পারেনি ভারত। আইসিসিকে এই রায়ের বিরুদ্ধে আবেদন করতে বলে তারা। কিন্তু এই রায়ে নিজেদের সন্তুষ্টির কথা জানায় আইসিসি।
