১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

উইন্ডিজের টি-টোয়েন্টি দলে ফিরলেন ওগিস, অ্যান্ড্রু ও স্প্রিঙ্গার

দল থেকে বাদ পড়েছেন জেডেন সিলস, জনসন চার্লস ও কুয়েন্টিন স্যামসন।

উইন্ডিজের টি-টোয়েন্টি দলে ফিরলেন ওগিস, অ্যান্ড্রু ও স্প্রিঙ্গার
গত বছর বাংলাদেশে আকিম ওগিসের হাতে অভিষেকের ক্যাপ তুলে দেন কোচ স্যামি। ছবি: উইন্ডিজ ক্রিকেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2026, 10:59 AM

Updated : 11 Sep 2026, 03:22 PM

গত অক্টোবরে বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৫ ছক্কায় ২৫ বলে ৫০ রানের ইনিংস খেলেছিলেন আকিম ওগিস। পরের মাসেই নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ভালো না করায় জায়গা হারান তিনি। সম্ভাবনাময় এই ব্যাটসম্যান আবার ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে।

শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজের দলে ফিরেছেন তরুণ কিপার-ব্যাটার জুয়েল অ্যান্ড্রু এবং পেস বোলিং অলরাউন্ডার শামার স্প্রিঙ্গার।

ওগিস খেলেছেন ৯টি টি-টোয়েন্টি, অ্যান্ড্রু ৫টি ও স্প্রিঙ্গার ৬টি। 

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে জায়গা হারিয়েছেন জনসন চার্লস, কুয়েন্টিন স্যামসন ও জেডেন সিলস। আলজারি জোসেফকে বিশ্রাম দেওয়া হয়েছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে। 

ব্যক্তিগত কারণে ওয়ানডে সিরিজের সময় দল ছেড়ে যাওয়া শামার জোসেফ থাকছেন টি-টোয়েন্টি সিরিজে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি সিরিজ এটিই। বিশ্বকাপে প্রত্যাশার চেয়েও অনেকটা ভালো করার পর এবার দলকে আরও এগিয়ে নিতে চান প্রধান কোচ ড্যারেন স্যামি।

“এই সিরিজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের পর এটিই আমাদের প্রথম সিরিজ। দল সেখানে আবেগ, লড়াই এবং সেই ঐক্য নিয়ে খেলেছিল, যার ওপর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট গড়ে উঠেছে। এখন আমাদের লক্ষ্য হলো সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে আরও উন্নতি করা, দল হিসেবে আরও এগিয়ে যাওয়া এবং শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, তার মাধ্যমে আমাদের ভক্তদের গর্বিত করা।”

জ্যামাইকায় সিরিজের ম্যাচ তিনটি আগামী বৃহস্পতিবার, শনিবার ও রোববার। 

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: শেই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, আকিম ওগিস, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।