টেস্টের শীর্ষে ফিরলো দক্ষিণ আফ্রিকা
শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্ট ড্র করে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে টেস্ট র্যা ঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে দক্ষিণ আফ্রিকা। ১২৪ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে গেছে তারা।
অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১২৩। টানা দুই বছর ধরে টেস্ট র্যা ঙ্কিংয়ের শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকাকে সরিয়ে গত মে মাসে শীর্ষে উঠে আসে অস্ট্রেলিয়া।
মঙ্গলবার কলম্বো টেস্টের পঞ্চম ও শেষ দিন জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল আরো ৩৩১ আর শ্রীলঙ্কার লক্ষ্য ছিল শেষ ৯ উইকেট। স্পিন পরীক্ষার দিনে লক্ষ্য তাড়ার কোনো চেষ্টাই করেনি দক্ষিণ আফ্রিকা। কোনো রকমে দিনটা কাটিয়ে দেয়ার পরিকল্পনা নিয়ে নামা দলটি ঠিকই সফল। ৮ উইকেটে ১৫৯ রানে অতিথিরা দিন শেষ করায় ড্র হয় দ্বিতীয় টেস্ট।
ফলে শ্রীলঙ্কার মাটিতে ২১ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো সিরিজ জিতলো দেশটি। অধিনায়ক হাশিম আমলার অধীনে এটাই দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট সিরিজ জয়।
টেস্ট র্যা ঙ্কিংয়ের তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে পাকিস্তান ও ভারত। তারপরই আছে সাবেক এক নম্বর টেস্ট দল ইংল্যান্ড এবং ছয় নম্বরে আছে শ্রীলঙ্কা। এছাড়া সাত, আট ও নয় নম্বরে থাকা দলগুলো হলো যথাক্রমে নিউ জিল্যান্ড, ওয়েস্ট ও জিম্বাবুয়ে।
সবার শেষে অর্থাৎ ১০ নম্বরে থাকা বাংলাদেশের পয়েন্ট ২১।
