২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘উইন্ডিজে সাকিবের খেলার সম্ভাবনা কম’

নিষিদ্ধ হওয়ার পর থেকে সাকিব আল হাসানের আচরণে সন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাকিবের দলে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে মন্তব্য করেছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2014, 11:46 PM

Updated : 13 Oct 2022, 12:22 PM

সোমবার হোটেল রূপসী বাংলায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন সভাপতি আ হ ম মুস্তফা কামালের সংবর্ধনা অনুষ্ঠানে বিসিবি সভাপতি জানান, ঈদের পর বোর্ড সভায় সাকিবের আবেদন নিয়ে আলোচনা করবেন।

খেলার সঙ্গে সাকিবের মানবিক গুণাবলীয় উন্নতি দেখতে চান নাজমুল হাসান।

“(নিষেধাজ্ঞার) সিদ্ধান্তটা ছিল বোর্ডের। যে প্রক্রিয়ায় যাই না কেন, আপিলের পর অবশ্যই বোর্ডে নিতে হবে। সভাপতি হিসেবে এককভাবে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা গঠনতন্ত্রে দেয়া থাকলেও আমি মনে করি বোর্ডর সকলের সিদ্ধান্ত অনুযায়ীই নেয়া ভালো।”

দুটি টেস্ট, তিনটি ওয়ানডে একটি টি-টোয়েন্টি খেলতে অগাস্টের ১৩ তারিখ ওয়েস্ট ইন্ডিজ পৌঁছাবে বাংলাদেশ। সেই সিরিজে সাকিবের খেলার কোনো সম্ভাবনা দেখেন না নাজমুল হাসান।

“আর সাত আটদিন পরে সিরিজ, (ঈদের কারণে) দুই তিনদিন পর বন্ধ হয়ে যাচ্ছে সব কিছু। এর মাঝে আমরা বসতে পারবো কি না জানি না। ঈদের পর যত দ্রুত সম্ভব আমরা বোর্ড মিটিংয়ে এটি উত্থাপন করবো।”

বারবার ইঙ্গিত দেয়ার পরও না থামায় বিষয়টি আর ডিসিপ্লিনারি কমিটির হাতে ছাড়তে চান না বিসিসি সভাপতি। তাই বোর্ড সভা পর্যন্ত অপেক্ষা করতেই হবে সাকিবকে। সাকিবের চিঠি ব্যক্তিগত ভাবে তার ভালো লেগেছে বলে জানান নাজমুল হাসান। নিষেধাজ্ঞা দেয়ার পর সাকিবের কোনো কিছু নেতিবাচক মনে হয়নি তার। “এর আগ পর্যন্ত যা করেছে তার সঙ্গে এর কোনো মিল নেই, অনেক পরিবর্তন হয়েছে। এই প্রথম তার মাঝে আমরা কিছু ইতিবাচক জিনিস দেখতে পাচ্ছি, এটা ভালো লক্ষণ। কিন্তু এত অল্প সময়ে একজনকে বিচার করা ঠিক হবে না। সুতরাং আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে।” কারো সমস্যা থাকলে বাদ নয় প্রয়োজনে বিশেষজ্ঞ এনে ‘কাউন্সিলিং’ করানো হবে বলে জানান বোর্ড প্রধান। গত ৭ জুলাই সাকিবকে সব ধরণের ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করে বিসিবি। এছাড়া আগামী দেড় বছর দেশের বাইরে কোনো প্রতিযোগিতায় খেলার জন্য তাকে অনাপত্তিপত্র না দেয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। গত রোববার ক্রিকেটে ফেরার জন্য বিসিবিতে আপিল করেন সাকিব। এর আগে বোর্ড থেকে এই অলরাউন্ডারকে আপিল করার পরামর্শ দেয়া হয়েছিল।