কলম্বো টেস্ট শেষ এরাঙ্গার
হাতের চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলা হবে না শ্রীলঙ্কার পেসার সামিন্দা এরাঙ্গার।
গলে প্রথম টেস্টের প্রথম দিন মিডঅফে ফিল্ডিং করার সময় হাতে চোট পান এরাঙ্গা। বুড়ো আঙ্গুল ও তর্জনীর মধ্যকার অংশ ছিড়ে যায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেয়ার পর হাতে আটটি সেলাই দিতে হয়।
সেই ম্যাচে ৯ ওভারের বেশি বল করতে পারেননি এরাঙ্গা। ২০১৪ সালে দলের সবচেয়ে সফল বোলারকে হারিয়ে সিরিজে ফেরা কঠিন হবে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়া শ্রীলঙ্কার। ৬ টেস্টে ২৫ উইকেট নেন এই পেসার।
শ্রীলঙ্কা দলে বিকল্প হিসেবে আছে দুইজন পেসার- ধাম্মিকা প্রসাদ ও চানাকা ওয়ালেগেদারা। গত মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলি টেস্টে খেলেছিলেন ধাম্মিকা। আর ওয়ালেগেদারা শেষ খেলেছিলেন ২০১২ সালের ডিসেম্বরে।
বৃহস্পতিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
