আরেকটি রোমাঞ্চকর শেষের অপেক্ষায় লর্ডস টেস্ট
টেস্টে আরেকটি রোমাঞ্চকর শেষ দিনের অপেক্ষায় লর্ডস। ইংল্যান্ড-ভারতের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন জয়ের জন্য স্বাগতিকদের চাই ২১৪ রান আর অতিথিদের লক্ষ্য ৬ উইকেট।
৩১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেটে ১০৫ রানে চতুর্থ দিন শেষ করে ইংল্যান্ড। মাত্র ১২ রানে স্যাম রবসন বিদায় নিলেও অ্যালিস্টার কুক ও গ্যারি ব্যালান্স প্রাথমিক ধাক্কা সামাল দিচ্ছিলেন।
খুব একটা সফল হননি এই দুজন। প্রথম ইনিংসে শতক করা ব্যালান্সকে বিদায় করে ২২ ওভারের প্রতিরোধ ভাঙেন মোহাম্মদ সামি। পরপর দুই ওভারে অধিনায়ক কুক ও ইয়ান বেলকে বিদায় করে স্বাগতিদের সবচেয়ে বড় ধাক্কাটা দেন ইশান্ত শর্মা।
তবে দিনের বাকি সময়টুকু কোনো ক্ষতি ছাড়াই কাটিয়ে দেন জো রুট ও মঈন আলী।
ভারতের পক্ষে ইশান্ত ২ উইকেট নেন ১২ রানে।
এর আগে ৪ উইকেটে ১৬৯ রানে রোববারের খেলা শুরু করে ভারত। আগের দিনের ৪৬ রানের জুটিকে ৮০ পর্যন্ত এগিয়ে নেয়ার পর বিচ্ছিন্ন হন মহেন্দ্র সিং ধোনি ও মুরালি বিজয়।
ধোনিকে লিয়াম প্লানকেট বিদায় করার পর শূন্য রানে স্টুয়ার্ট বিনি তাকে অনুসরণ করলে অস্বস্তিতে পড়ে অতিথিরা। দলকে আড়াইশ’র কাছাকাছি নিয়ে গিয়ে ফিরেন বিজয়ও (৯৫)। মাত্র ৫ রানের শতক বঞ্চিত হওয়া বিজয়ের ২৪৭ বলের ইনিংসে ছিল ১১টি চার।
অষ্টম উইকেটে ভুবনেশ্বর কুমার (৫২) সঙ্গে রবীন্দ্র জাদেজার (৬৮) ৯৯ রানের জুটিতে লড়াই করার মতো সংগ্রহ গড়ে ভারত। পরপর দুই ওভারে এই দুজনকে ফেরানোর কৃতিত্ব বেন স্টোকসের।
এরপর আর বেশি দূর এগোয়নি ভারতের সংগ্রহ। ৩৪২ রানে অলআউট হয়ে যায় দলটি।
সিরিজটা দারুণ কাটছে ভুবনেশ্বরের। ১১ উইকেট নিয়ে তিনিই দলের সেরা বোলার। আর তিনটি অর্ধশতকের সাহায্যে ২০৯ রান করে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তার চেয়ে বেশি রান আছে কেবল বিজয়ের (৩১৭)।
ইংল্যান্ডের পক্ষে স্টোকস ও প্লানকেট তিনটি করে উইকেট নেন।
গতমাসে লর্ডসে প্রথম টেস্টের শেষ দিন শ্রীলঙ্কাকে ৩৯০ রানের লক্ষ্য দেয়া ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১০ উইকেট। কিন্তু অতিথিদের দৃঢ়তায় জয় পাওয়া হয়নি তাদের। ৯ উইকেটে ২০১ রানে দিন শেষ করে শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২৯৫ (রাহানে ১০৩, ভুবনেশ্বর ৩৬; অ্যান্ডারসন ৪/৬০) ও ৩৪২ (বিজয় ৯৫, ধাওয়ান ৩১, পুজারা ৪৩, কোহলি ০, রাহানে ৫, ধোনি ১৯, বিনি ০, জাদেজা ৬৮, ভুবনেশ্বর ৫২, সামি ০, ইশান্ত ০*; স্টোকস ৩/৫১, প্লানকেট ৩/৬৫, মঈন ২/২৮, অ্যান্ডারসন ১/৭৭, ব্রড ১/৯৩)
ইংল্যান্ড: ৩১৯ (ব্যালান্স ১১০, প্লানকেট ৫৫*; ভুবনেশ্বর ৬/৮২) ও ১০৫/৪ (রবসন ৭, কুক ২২, ব্যালান্স ২৭, বেল ১, রুট ১৪*, মঈন ১৫*; ইশান্ত ২/১৩, সামি ১/২০, জাদেজা ১/৩২)
