স্টেইন, মরকেল তোপে দ. আফ্রিকার সহজ জয়
হাশিম আমলার সাহসী সিদ্ধান্তের পর কুমার সাঙ্গাকারা ও কৌশল সিলভার দৃঢ়তায় গল টেস্টের শেষ দিনে ছিল রোমাঞ্চকর সমাপ্তির আভাস। কিন্তু ডেল স্টেইন ও মর্নে মরকেলের মারাত্মক বোলিংয়ে সহজ জয়ই পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
১৫৩ রানের জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক হিসেবে আমলার এটাই ছিল প্রথম টেস্ট।
রোববার তিন ঘণ্টার কিছু বেশি সময় ব্যাট করা শ্রীলঙ্কা অলআউট হয়ে যায় ২১৬ রানে। ৩৭০ রানের লক্ষ্য তাড়া করা শ্রীলঙ্কার শেষ দিনে প্রয়োজন ছিল আর ২৬০ রান, দক্ষিণ আফ্রিকার ৯ উইকেট।
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ১ উইকেটে ১১০ রান নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা। শুরুতেই সিলভাকে বিদায় করে দ্বিতীয় উইকেট জুটির ১০৪ রানের প্রতিরোধ ভাঙেন স্টেইন।
এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। দলীয় ১৩৮ রানে মাহেলা জয়াবর্ধনের পর সাঙ্গাকারাও (৭৬) ফিরলে বড় একটা ধাক্কা খায় স্বাগতিকরা।
লাহিরু থিরিমান্নে (১২), দীনেশ চান্দিমাল (১) ও কিথুরুয়ান পেরেরার (০) দ্রুত বিদায়ে মধ্যাহ্নভোজের আগেই শ্রীলঙ্কার স্কোর পরিণত হয় ১৬১/৬-এ।
এরপরও চেষ্টা করেছিলেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। কিন্তু তার অপরাজিত ২৭ রানের ইনিংসটি পরাজয়ের ব্যবধানই কমিয়েছে কেবল।
দক্ষিণ আফ্রিকার পক্ষে মরকেল (৪/২৯) ও স্টেইন (৪/৪৫) চারটি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে ৫৪ রানে ৫ উইকেট নেন স্টেইন। ৯৯ রানে ৯ উইকেট নিয়ে নিয়ে তিনিই ম্যাচের সেরা খেলোয়াড়।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৪৫৫/৯ ইনিংস ঘোষণা (এলগার ১০৩, ডুমিনি ১০০*, ডি কক ৫১; পেরেরা ৪/১৬২, লাকমল ৩/৭৫) এবং ২০৬/৬ ইনিংস ঘোষণা (ডি ভিলিয়ার্স ৫১, দু প্লেসি ৩৭, ডি কক ৩৬; পেরেরা ৪/৭৯)
শ্রীলঙ্কা: ২৯২ (ম্যাথিউস ৮৯, থারাঙ্গা ৮৩, থিরিমান্নে ৩৮; স্টেইন ৫/৫৪, মরকেল ৩/৪৯) ও ২১৬ (থারাঙ্গা ১৪, সিলভা ৩৮, সাঙ্গাকারা ৭৬, জয়াবর্ধনে ১০, থিরিমান্নে ১২, ম্যাথিউস ২৭*, চান্দিমাল ১, পেরেরা ০, হেরাথ ২০, লাকমল ১২, এরাঙ্গা ০; মরকেল ৪/২৯, স্টেইন ৪/৪৫, ডুমিনি ২/৩৮)
ম্যাচ সেরা: ডেল স্টেইন।
