নিষেধাজ্ঞার মুখে জেমস অ্যান্ডারসন
মাঠে অসদাচরণের জন্য নিষেধাজ্ঞার শাস্তি পেতে পারেন ইংল্যান্ডের পেস বোলার জেমস অ্যান্ডরসন। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সঙ্গে খারাপ ব্যবহার ও ধাক্কা দেয়ায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আইসিসি।
দোষ প্রমাণিত হলে ৩১ বছর বয়সী অ্যান্ডারসন ৪ টেস্ট পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন।
ট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের জন্য দুই দল মাঠ ছাড়ার সময় অ্যান্ডারসন ও জাদেজার মধ্যে কথা কাটাকাটি হয় এবং এর সূত্র ধরেই ঘটনাটি ঘটে।
এই ট্রেন্ট ব্রিজ টেস্টেই জো রুটের সঙ্গে দশম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের জুটি গড়েছিলেন অ্যান্ডারসন।
ম্যাচের আম্পায়াররা নয়, অ্যান্ডারসনের বিরুদ্ধে অভিযোগ আনেন ভারত দলের ম্যানেজার সুনীল দেব।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক বিবৃতিতে জানায়, অ্যান্ডারসন অভিযোগ অস্বীকার করে উল্টো জাদেজার বিরুদ্ধেই অভিযোগ এনেছেন।
ইসিবি অবশ্য ঘটনাটিকে 'মামুলি' বলে উল্লেখ করেছে।
