দশম উইকেট রুট-অ্যান্ডারসনের রেকর্ড
টেস্টে দশম উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের জো রুট ও জেমস অ্যান্ডারসন। ট্রেন্ট ব্রিজে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিন বিচ্ছিন্ন হওয়ার আগে এই দুজন যোগ করেন ১৯৮ রান।
আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার ফিল হিউজ ও অ্যাশটন অ্যাগারের। গত বছর ট্রেন্ট ব্রিজেই ইংল্যান্ডের বিপক্ষে দশম উইকেটে ১৬৩ রানের রেকর্ড গড়েছিলেন তারা।
তৃতীয় দিন জেমস অ্যান্ডারসন মাঠে নামার সময় ভীষণ বিপদে ছিল ইংল্যান্ড। ভারতের ৪৫৭ রানের জবাবে স্বাগতিকদের স্কোর ছিল ২৯৮/৯। সেদিন অবিচ্ছিন্ন ৫৪ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে রাখেন রুট-অ্যান্ডারসন।
শনিবার ট্রেন্ট ব্রিজ টেস্টের চতুর্থ দিন ৫৪ রানের জুটিকে ১৯৮ পর্যন্ত নিয়ে যান এই দুই ব্যাটসম্যান। অ্যান্ডারসনকে শিখর ধাওয়ানের ক্যাচে পরিণত করে ৫৩ ওভার ২ বল স্থায়ী জুটি ভাঙেন ভুবনেশ্বর কুমার।
বিদায় নেয়ার আগে ৮১ রানের চমৎকার ইনিংস খেলেন অ্যান্ডারসন। ১৫৪ রানে অপরাজিত থাকেন রুট। তার ২৯৫ বলের ইনিংসটি ১৫টি চার সমৃদ্ধ।
শ্রীলঙ্কার বিপক্ষে আগের সিরিজের শেষ টেস্টেও দৃঢ়তা দেখিয়েছিলেন অ্যান্ডারসন। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে কোনো রান না করলেও ৫৫ বল খেলে দলকে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে রেখেছিলেন তিনি। কিন্তু খেলা শেষ হওয়ার মাত্র এক বল আগে আউট হয়ে যাওয়ায় হার এড়াতে পারেননি অ্যান্ডারসন।
এবার আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়নি তাকে। রুট-অ্যান্ডারসনের দৃঢ়তায় শেষ পর্যন্ত ৩৯ রানের লিড নেয় ইংল্যান্ড।
