শ্রীলঙ্কায় দ. আফ্রিকার প্রথম ওয়ানডে সিরিজ জয়
শ্রীলঙ্কায় প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক ও এবি ডি ভিলিয়ার্সের শতকে তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৮২ রানে হারিয়েছে সফরকারীরা।
তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতল অতিথিরা।
শনিবার হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩৩৯ রান করে দক্ষিণ আফ্রিকা।
আগের দুই ম্যাচে শতক করা হাশিম আমলার (৪৮) সঙ্গে ডি ককের ১১৮ রানের উদ্বোধনী জুটি দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায়। তৃতীয় উইকেটে অধিনায়ক ডি ভিলিয়ার্সের সঙ্গে ১১৬ রানের আরেকটি চমৎকার জুটি উপহার দেন ডি কক।
৪১তম ওভারে বিদায় নেয়ার আগে ১২৮ রান করেন ডি কক। তার ১২৭ বলের ইনিংসটি সাজানো ১২টি চার ও ৩টি ছক্কায়।
২৪৮ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ডি ককের বিদায়ের পর শেষ ৫৬ বলে ৯১ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা। এতে বড় অবদান ম্যাচ সেরা ডি ভিলিয়ার্সের। ৪৯তম ওভারে ফেরার আগে ১০৮ রান করেন তিনি। তার ৭১ বলের ইনিংসটি ১১টি চার ও ৪টি ছক্কা সমৃদ্ধ।
শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ ও অজন্তা মেন্ডিস দুটি করে উইকেট নেন।
জবাবে ৪৪ ওভার ৩ বলে ২৫৭ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।
প্রথম আট ব্যাটসম্যানের সাতজনই দুই অঙ্কে পৌঁছালেও লক্ষ্যের কাছাকাছি যেতে পারেনি স্বাগতিকরা। সর্বোচ্চ ৫৮ রান করেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।
আর কেউ চল্লিশের ঘরে যেতে পারেনি। ত্রিশের ঘরে গিয়ে বিদায় নেন কৌশল পেরেরা (৩৭), কুমার সাঙ্গাকারা (৩৬), তিলকরত্নে দিলশান (৩০) ও আশনা প্রিয়াঞ্জন (৩০)।
২৩ রানে শেষ ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। শূন্য রানে হারায় শেষ তিন উইকেট।
৩৭ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার রায়ান ম্যাকলারেন। জেপি ডুমিনি ও মরনে মরকেল দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৩৯/৫ (আমলা ৪৮, ডি কক ১২৮, ক্যালিস ৪, ডি ভিলিয়ার্স ১০৮, ডুমিনি ২৯, মিলার ৪*, ম্যাকলানের ২*; হেরাথ ২/৪৮, মেন্ডিস ২/৪৮, সেনানায়েকে ১/৬৬)
শ্রীলঙ্কা: ৪৪.৩ ওভারে ২৫৭ (কৌশল ৩৭, দিলশান ৩০, সাঙ্গাকারা ৩৬, জয়াবর্ধনে ২, থিরিমান্নে ২২, ম্যাথিউস ৫৮, প্রিয়াঞ্জন ৩০, সেনানায়েকে ১৩, হেরাথ ১, মেন্ডিস ০*, মালিঙ্গা ০; ম্যাকলারেন ৩/৩৭, ডুমিনি ২/৪৩, মর্কেল ২/৪৯, ইমরান ১/২৯, পার্নেল ১/৩৮)
ম্যাচ সেরা: এবি ডি ভিলিয়ার্স।
সিরিজ সেরা: হাশিম আমলা।
