লর্ডসে ফিঞ্চের অবিস্মরণীয় ব্যাটিং, ব্যর্থ তামিম
ক্রিকেটের ঐতিহ্যবাহী মাঠ লর্ডসের দুইশ’ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ম্যাচে ব্যর্থ তামিম ইকবাল, হেরেছে তার দল অবশিষ্ট বিশ্ব একাদশও। মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ৭ উইকেটের জয়ের নায়ক ১৮১ রানে অপরাজিত থাকা অ্যারন ফিঞ্চ।
একই সঙ্গে এই ম্যাচে খেলেছেন ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, শেন ওয়ার্ন, অ্যাডাম গিলক্রিস্ট ও মুত্তিয়া মুরালিধরণের মতো ক্রিকেট কিংবদন্তিরা। তবে ফিঞ্চের মতোই ব্যাটে-বলে তাদের প্রশংসা কুড়ালেন বর্তমানের যুবরাজ সিং আর সাঈদ আজমল।
রঙ্গিন পোশাক নয় শনিবারের ওয়ানডে ম্যাচে ক্রিকেটাররা খেলেন সাদা পোশাক পরে।
শনিবার লর্ডসে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৯৩ রান করে অবশিষ্ট বিশ্ব একাদশ।
অ্যাডাম গিলক্রিস্ট (২৯) ও বীরেন্দর শেবাগের (২২) ৫৪ রানের উদ্বোধনী জুটি দলকে উড়ন্ত সূচনা এনে দেয়। অফস্পিনার সাঈদ আজমলের মারাত্মক বোলিংয়ে ৫৪/০ থেকে ৬৮/৫ এ পরিণত হলে ভীষণ বিপদে পড়ে অবশিষ্ট বিশ্ব একাদশ।
দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ের পর দ্রুত সাজঘরের পথ ধরেন তামিম (১), কেভিন পিটারসেন ও শহীদ আফ্রিদি।
সেখান থেকে দলকে তিনশ’ রানের কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব যুবরাজ সিংয়ের। ষষ্ঠ উইকেটে পল কলিংউডের সঙ্গে ১২১ ও সপ্তম উইকেটে পিটার সিডলের সঙ্গে ৮৪ রানের দুটি চমৎকার জুটি উপহার দেন তিনি।
শচীন টেন্ডুলকারের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৩২ রান করেন যুবরাজ। তার ১৩৪ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ৮টি ছক্ক।
৪৫ রানে ৪ উইকেট নিয়ে আজমল এমসিসির সেরা বোলার।
জবাবে ২৫ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় এমসিসি।
ফিঞ্চের সঙ্গে অধিনায়ক টেন্ডুলকারের ১০৭ রানের উদ্বোধনী জুটি দলকে সহজ জয়ের দিকে নিয়ে যায়। ৪৫ বলে ৭টি চারের সাহায্যে ৪৪ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন এই কিংবদন্তি ব্যাটসম্যান।
কিংবদন্তি অফস্পিনার মুত্তিয়া মুরালিধরনের বলে বোল্ড হয়ে টেন্ডুলকারের বিদায়ের পর ক্রিজে আসেন ক্রিকেটের বরপুত্র লারা (২৩)। ফিঞ্চের সঙ্গে ৬৭ রানের একটি জুটি উপহার দেন তিনি।
টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক লারাকে ফেরানোর পরের বলে রাহুল দ্রাবিড়কে বিদায় করে আশা জাগান কলিংউড। কিন্তু বেশিক্ষণ এই স্বস্তি থাকেনি।
শিবনরায়ণ চন্দরপলের (অপরাজিত ৩৭) সঙ্গে ফিঞ্চের ১২২ রানের জুটি এমসিসিকে সহজ জয় এনে দেয়।
ফিঞ্চ অপরাজিত থাকেন ১৮১ রানে। তার ১৪৫ বলের ইনিংসে ছিল ২৩টি চার আর ৬টি ছক্কা।
