টি-টোয়েন্টি মর্যাদা পেল নেপাল, নেদারল্যান্ডস
টি-টোয়েন্টির মর্যাদা পেল নেপাল ও নেদারল্যান্ডস। বাংলাদেশে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল দুটি দলই।
মেলবোর্নে আইসিসির বার্ষিক সভায় আইসিসির সহযোগী দেশ দুটিকে টি-টোয়েন্টির মর্যাদা দেয়া হয়।
ওয়ানডে মর্যাদা থাকায় সহযোগী দেশগুলোর মধ্যে আগে থেকেই টি-টোয়েন্টি মর্যাদা রয়েছে আফগানিস্তান, হংকং, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও সংযুক্ত আরব আমিরাতের।
২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডে সংযুক্ত আরব আমিরাত ও আয়ারল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছিল নেদারল্যান্ডস। সেখানে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৪৫ রানে হারিয়েছিল নেদারল্যান্ডস।
২০০৯ সালের বিশ্বকাপেও একই প্রতিপক্ষকে ৪ উইকেটে হারিয়েছিল ডাচরা।
প্রথম রাউন্ডে বাংলাদেশের গ্রুপে থাকা নেপাল হারিয়েছিল আফগানিস্তান ও হংকংকে। কিন্তু রান রেটে স্বাগতিকদের চেয়ে পিছিয়ে থাকায় পরের রাউন্ডে যাওয়া হয়নি তাদের।
