আইসিসির সভাপতির দায়িত্ব নিলেন মুস্তফা কামাল
প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতির দায়িত্ব নিলেন বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যিনি এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ছিলেন।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে আইসিসির সর্বশেষ বার্ষিক সভায় তাকে এ দায়িত্ব দেয়া হয়। এই সভায় ভারতের ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান এন শ্রীনিবাসনকেও দুই বছরের জন্য আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়।
আইসিসির সভাপতি হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মুস্তফা কামাল।
তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “বাংলাদেশের মানুষ মনেপ্রাণে ক্রিকেট ভালবাসে। তাদের এগিয়ে যাওয়ার পথে ক্রিকেট একটি প্রেরণা। সবার দোয়ায় দেশের পক্ষে এই সম্মান পাওয়ায় আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞ।”
এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও আইসিসির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা মুস্তফা কামাল নতুন পাওয়া দায়িত্ব ভালোভাবে পালনের প্রতিশ্রুতি দেন।
"আগামী ১২ মাস আমি আইসিসি বোর্ড ও আইসিসি ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।"
আইসিসির প্রথম চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নিয়ে খুশি শ্রীনিবাসন।
"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হতে পারাটা আমার জন্য বড় এক সম্মান।"
