উইকেট নিয়ে অভিযোগ নেই মুশফিকের
দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৫৮ রানে অলআউটের লজ্জায় পড়লেও উইকেট নিয়ে কোনো অভিযোগ নেই মুশফিকুর রহিমের। ঘরোয়া ক্রিকেটে চারদিনের ম্যাচ এমন উইকেটে খেলতে চান বাংলাদেশের অধিনায়ক।
বৃহস্পতিবার বৃষ্টির কারণে তৃতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ার পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “আমাদের ব্যাটসম্যানরা এই ধরনের উইকেটে খেলে অভ্যস্থ নয়। তবে যে কোনো উইকেটে একশ’ রানের লক্ষ্য তাড়া করা সম্ভব। সেই ম্যাচে আমাদের প্রয়োগে ভুল ছিল।”
প্রথম ওয়ানডেতে ভারত খুব সহজেই বড় লক্ষ্য তাড়া করে জেতায় শেষ দুটি ম্যাচে পেস সহায়ক উইকেট বেছে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ১০৫ রানে অলআউট করে স্বাগতিকরা। আর তৃতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ার আগে ৩৪ ওভার ২ বলে ভারতের সংগ্রহ ছিল ১১৯/৯।
অভিষেকেই পাঁচ উইকেট নেয়া তাসকিন আহমেদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অধিনায়ক। দেশসেরা পেসার মাশরাফি আর তরুণ আল-আমিন হোসেনও চমৎকার বল করেছেন। অলরাউন্ডার সাকিব আল হাসানও ফর্মে ছিলেন। এই সবই ২-০ ব্যবধানে সিরিজের প্রাপ্তি মুশফিকের।
“নিজের প্রথম ম্যাচে ভালো করেছেন মোহাম্মদ মিঠুনও। কিন্তু পূর্ণ শক্তি হোক আর তরুণ দলই হোক, ভারতকে হারাতে হলে তিন বিভাগেই ভালো করতে হয়। যা আমরা পারিনি। দ্বিতীয় ম্যাচের বাজে ব্যাটিংই আমাদের ডুবিয়েছে।”
