২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড মুশফিকের

বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড এখন অধিনায়ক মুশফিকুর রহিমের। ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তিনটি ডিসমিসাল করে তিনি পেছনে ফেলেছেন খালেদ মাসুদ পাইলটকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 10:07 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

১২৬ ম্যাচে পাইলটের ডিসমিসাল ছিল ১২৬। ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে একটি ক্যাচ নিয়ে পাইলটের রেকর্ড স্পর্শ করেন মুশফিক।

বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডেতে তাসকিন আহমেদের প্রথম বলেই অম্বাতি রাইডুকে গ্লাভসবন্দী করেন মুশফিক।

এরপর আরো দুটি ক্যাচ নেন বাংলাদেশের অধিনায়ক। সাকিব আল হাসানের বলে সুরেশ রায়নার ক্যাচ ধরে চতুর্থ উইকেটের ৮ ওভার ৫ বল স্থায়ী জুটি ভাঙেন তিনি।

তাসকিনের দ্বিতীয় স্পেলে অক্ষর প্যাটেলের ক্যাচটি ধরতে তেমন কোনো সমস্যা হয়নি বাংলাদেশ অধিনায়কের।

বৃহস্পতিবারের ম্যাচসহ ১৩২টি ওয়ানডে খেলা মুশফিকের ডিসমিসাল ১২৯টি। এর মধ্যে উইকেটের পেছনে ৯৫টি ক্যাচ ও ৩৪টি স্ট্যাম্পিং।

২০০৬ সালে মুশফিকের ওয়ানডে অভিষেকের ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন পাইলট। সেই ম্যাচে উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন তিনিই।

ফিল্ডার হিসেবে ৯টি ম্যাচে খেলেছেন মুশফিক। তাতে ২টি ক্যাচ নিয়েছেন তিনি।