অভিষেকেই চমক তাসকিনের
টি-টোয়েন্টি বিশ্বকাপেই আগমনী বার্তা জানিয়েছিলেন তাসকিন আহমেদ। ওয়ানডে অভিষেকে নিজেকে নিয়ে গেলেন এমন উচ্চতায় যেখানে এর আগে পৌঁছাতে পারেননি বাংলাদেশের কোনো বোলার। অভিষেকে বাংলাদেশের আর কেউ যে পাঁচ উইকেট পাননি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হয় তাসকিনের। সেই ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলকে ফিরিয়ে প্রথম উইকেট নিয়েছিলে এই পেসার।
বাংলাদেশের মূল শক্তি স্পিন বোলিং। আর প্রতিপক্ষ ভারত স্পিনের বিপক্ষে বিশ্ব সেরা। তাই প্রথম ওয়ানডেতে হারের পর পেস দিয়েই বিশ্ব চ্যাম্পিয়নদের বধের কৌশল নেয় স্বাগতিকরা।
দেশের সর্বোচ্চ উইকেট শিকারি বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের জায়গায় নিজের প্রথম ওয়ানডে খেলতে নামেন তাসকিন। পেস সহায়ক উইকেটে শুরু থেকেই ভুগিয়েছেন ভারতের ব্যাটসম্যানদের।
ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
তার প্রথম শিকার আগের ম্যাচে অর্ধশতক করা রবিন উথাপ্পা। অফ স্ট্যাম্পের বাইরে আউট সুইংগারটি পুল করতে গিয়ে মোটেও টাইমিং করতে পারেননি তিনি। ফল মিড অফে ফলাফল জিয়াউর রহমানের হাতে সহজ ক্যাচ।
৬৬ রানে প্রথম ৬ ব্যাটসম্যানকে হারানো ভারত তাকিয়ে ছিল অলরাউন্ডার স্টুয়ার্ট বিনির দিকে। তাকে অধিনায়ক মুশফিকুর রহিমের গ্লাভসবন্দী করে সেই আশাও শেষ করে দেন তিনি।
ইনসুইংয়ে এলবিডব্লিউর তাসকিন ফাঁদে ফেলেন অম্বাতি রাইডু, চেতেশ্বর পুজারা আর অমিত মিশ্রকে। শেষ ব্যাটসম্যানকে আউট করেই গড়েন ইতিহাস। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে অভিষেকে নেন ৫ উইকেট, তাও মাত্র ২৮ রানের খরচায়।
ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
এর আগে ওয়ানডে অভিষেকে পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব ছিল মাত্র সাত জনের। সর্বশেষ এই কৃতিত্ব দেখিয়েছিলেন ব্রায়ান ভিতোরি, বাংলাদেশের বিপক্ষেই।
তাসকিনের মারাত্মক বোলিংয়ে মাত্র ২৫ ওভার ৩ বলে ১০৫ রানে অলআউট হয়ে যায় ভারত।
ভারতের বিপক্ষে বাংলাদেশের কোনো বোলার এই প্রথম পাঁচ উইকেট নিলেন। আগের সেরা ছিল পেসার মাশরাফি বিন মুর্তজার। ৩৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
