আগ্রাসী ব্যাটিং চান আল-আমিন
ভারতের কাছে প্রথম ওয়ানডেতে হেরে ভীষণ হতাশ বাংলাদেশের পেসার আল-আমিন হোসেন। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে পরের ম্যাচে ব্যাটসম্যানদের কাছ থেকে আক্রমণাত্মক ব্যাটিং চান তিনি।
মঙ্গলবার মিরপুর-শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় ওয়ানডে। তার আগের দিন সংবাদ সম্মলনে আল-আমিন বলেন, “আমাদের ব্যাটসম্যানরা মন্থর ব্যাট করেছে। ব্যাটসম্যানরা এভাবে ব্যাট করলে বোলাররা আক্রমণাত্মক থাকে। তখন উইকেট পাওয়া সহজ হয়।”
ভারতের ব্যাটিংয়ের সময় বিপরীত অভিজ্ঞতা হয়েছে স্বাগতিক বোলারদের।
“ভারতের ব্যাটসম্যানরা পরাস্ত হলেই পরের বলে বোলারদের ওপর চড়াও হয়েছিল। কখনো কখনো এগিয়ে এসে মেরেছে। আমার বা মাশরাফি (বিন মুর্তজা) ভাইয়ের কোনো বল ভালো হলে পরের বলেই চার মেরেছে। ওরা আমাদের কোনো সুযোগই দেয়নি। পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা থাকবে আমাদের,” যোগ করেন তরুণ এই পেসার।
ভারতের দলটিকে দুর্বল মানতে নারাজ আল-আমিন। বরং আইপিএলে খেলে আসায় অতিথি দলটিকেই এগিয়ে রাখছেন তিনি।
“ওদের অনেকে হয়তো সেভাবে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। তবে ওরা সবাই ভালো খেলোয়াড় আর দল হিসেবেও ভালো খেলছে। ওরা খেলার মধ্যেই আছে, আইপিএলের মতো টুর্নামেন্ট খেলে এসেছে। আর আমরা অনেক দিন পর কোনো ওয়ানডে খেললাম।”
