লর্ডসে চতুর্থ দিনে দুই শতক
প্রথম তিন দিন ব্যাটিং সহায়ক হলেও চতুর্থ দিন বোলারদের দিকেই লর্ডস উইকেটের পক্ষপাত। তবে ক্রমশ ব্যাটিং দুরূহ উইকেটে দ্বিতীয় ইনিংসে শতক করে ইংল্যান্ডের ত্রাতা গ্যারি ব্যালান্স।
রোববারের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৬৭ রান। প্রথম ইনিংসে ১২২ রানের লিড নেয়ায় স্বাগতিকরা ২ উইকেট ৩৮৯ রানে এগিয়ে।
দিনের শেষ ওভারে শতকে পৌঁছানো ব্যালান্স অপরাজিত রয়েছেন ১০৪ রানে। তার ১৮৮ বলের ইনিংসে ছিল ১২টি চার ও ১টি ছক্কা। এটি ব্যালান্সের প্রথম টেস্ট শতক।
দিন শেষে ভালো অবস্থানে পৌঁছালেও এক সময়ে ১২১ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ইংল্যান্ড।
৯৫ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার রঙ্গনা হেরাথ। সামিন্দা এরাঙ্গা তিন উইকেট নেন ৬৩ রানে।
৯ উইকেটে ৫৭৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করা ইংল্যান্ড প্রতিপক্ষকে থামিয়ে দেয় ৪৫৩ রানে।
৭ উইকেটে ৪১৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করা শ্রীলঙ্কা সাড়ে চারশ' পার হয় অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের নৈপুণ্যে।
৭৯ রান নিয়ে খেলা শুরু করা ডানহাতি এই ব্যাটসম্যান বিদায় নেয়ার আগে করেন ১০২ রান। তার ১৭২ বলের ইনিংসটি সাজানো ১২টি চারে। এটি তার তৃতীয় টেস্ট শতক।
ইংল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন ও ক্রিস জর্ডান।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৫৭৫/৯ ইনিংস ঘোষণা (রুট ২০০*, প্রায়র ৮৬, বেল ৫৬; প্রদীপ ৪/১২৩, এরাঙ্গা ৩/১৬৩) ও ২৬৭/৮ (রবসন ১৯, কুক ২৮, ব্যালান্স ১০৪*, বেল ৯, রুট ১৫, মঈন ৪, প্রায়র ১৬, জর্ডান ৩৫, ব্রড ২৪, প্লানকেট ২*; হেরাথ ৪/৯৫, এরাঙ্গা ৩/৬৩, কুলাসেকারা ১/৬৫)
শ্রীলঙ্কা: ৪৫৩ (করুনারত্নে ৩৮, সিলভা ৬৩, সাঙ্গাকারা ১৪৭, জয়াবর্ধনে ৫৫, থিরিমান্নে ২, ম্যাথিউস ১০২, প্রসন্ন ৬, কুলাসেকারা ৯, হেরাথ ২, এরঙ্গা ৫*, প্রদীপ ৪; অ্যান্ডারসন ৩/৯৩, জর্ডান ৩/১০২, প্লানকেট ১/১১৬, মঈন ১/৫৬, ব্রড ১/৬৭)
