জয়ে শুরুর তৃপ্তি রায়নার
প্রায় অনভিজ্ঞ এক দল নিয়ে খেলেও প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে সহজেই হারিয়েছে ভারত। স্বাভাবিকভাবেই ভীষণ খুশি অধিনায়ক সুরেশ রায়না।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় ভারত। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অতিথিরা।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রায়না বলেন, "জয় দিয়ে শুরু করতে পারাটা দারুণ। দেশের মাটিতে বাংলাদেশ সব সময়ই কঠিন প্রতিপক্ষ।"
৯৯ রানের উদ্বোধনী জুটি বিশ্ব চ্যাম্পিয়নদের কাজটা সহজ করে দেয়। রবিন উথাপ্পা ও অজিঙ্কা রাহানের ব্যাটিংয়ের প্রশংসা তার কণ্ঠে।
"রবিন ও আজ্জু চমৎকার ব্যাটিং করেছে। ওরাই জয়ের ভিতটাই গড়ে দেয়। রবিনের ব্যাটিং ছিল দারুণ আর আজ্জু আমার দেখা নিখুঁত ব্যাটসম্যানদের একজন।"
জয় দিয়ে শুরুর উচ্ছ্বাস রাহানের কণ্ঠেও।
"যে কোনো সিরিজে জয় দিয়ে শুরু করাটা গুরুত্বপূর্ণ। বোলাররা আমাদের জয়ের ক্ষেত্রটা তৈরি করে দিয়েছেন। এতো গরমের মধ্যেও তারা নিজেদের কাজটা ভালোভাবে করেছেন। জয়ের পুরো কৃতিত্ব বোলারদের।"
