বাংলাদেশের হার ৭ উইকেটে
ব্যাটসম্যানরা লড়াই করার মতো সংগ্রহ এনে দিয়েছিলেন বাংলাদেশকে। কিন্তু বোলাররা সেই সুবিধা কাজে লাগাতে পারেননি। তাই ভারতের কাছে বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৭২ রান করে বাংলাদেশ। ভারতের ইনিংস চলার সময় বৃষ্টি নামে। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ২৬ ওভারে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৫০ রান।
শুরুটা মোটেও ভালো হয়নি স্বাগতিকদের। চতুর্থ ওভারেই বিদায় নেন তামিম ইকবাল। উমেশ যাদবের বলে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার গ্লাভসবন্দী হওয়ার আগে ১১ বল খেলে কোনো রান করতে পারেননি এই বাঁহাতি ব্যাটসম্যান।
একাদশ ওভারে আবার আঘাত হানেন উমেশ। মুমিনুল হককে (৬) ঋদ্ধিমানের ক্যাচে পরিণত করেন তিনি। এ সময় বাংলাদেশের স্কোর ছিল ৩৫/২।
এনামুল হকের সঙ্গে ৫২ ও সাকিব আল হাসানের সঙ্গে ৪৭ রানের দুটি জুটি গড়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন অধিনায়ক মুশফিকুর রহিম। ৪৪ রান করা এনামুল হককে বিদায় করার পর অর্ধশতক করা মুশফিককেও ফেরান অভিষিক্ত পারভেজ রসুল।
সর্বোচ্চ ৫৯ রান করা মুশফিকের ৬৩ বলের ইনিংসে ছিল ৩টি করে ছক্কা ও চার।
অধিনায়কের বিদায়ের পর পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ম্যাচের সবচেয়ে বড় ৬৫ রানের জুটি গড়ে তুলেন সাকিব। অর্ধশতকে পৌঁছানোর পর বিদায় নেন এই বাঁহাতি ব্যাটসম্যানও।
সাকিব (৫২) ফিরেন রায়নাকে ফিরতি ক্যাচ দিয়ে। তার ৫৮ বলের ইনিংসটি সাজানো ৪টি চার ও ১টি ছক্কায়।
ভারতের বিপক্ষে বরাবরই ব্যাট হাতে সফল মাহমুদুল্লাহ রিয়াদ। শততম ওয়ানডেতেও খেলেছেন ৪১ রানের চমৎকার এক ইনিংস।
শেষ দিকে দ্রুত রান তোলার চেষ্টায় মাহমুদুল্লাহ, নাসির হোসেন (২১) ও জিয়াউর রহমান দ্রুত বিদায় নিলে অস্বস্তিতে পড়ে স্বাগতিকরা। তারপরও মাশরাফি বিন মুর্তজা (১৮) ও অমিত মিশ্রর হ্যাটট্রিক ঠেকিয়ে দেয়া আব্দুর রাজ্জাকের (অপরাজিত ১৬) দৃঢ়তায় আড়াইশ’ পার হয় বাংলাদেশের সংগ্রহ।
৪৮ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার উমেশ। এছাড়া মিশ্র ও রসুল দুটি করে উইকেট নেন।
ভারত ইনিংসের ১৬ ওভার ৪ বল খেলা হওয়ার পর বৃষ্টি নামে। এ সময় অতিথিদের স্কোর ছিল ১০০/১।
পৌনে তিন ঘণ্টা পর খেলা শুরু হলে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ভারতের নতুন লক্ষ্য দাঁড়ায় ৫৬ বলে ৫০ রান। ৭ বল বাকি থাকতে সেই লক্ষ্যে পৌঁছে অতিথিরা।
ছয় বছর পর ওয়ানডে খেলতে নেমে অজিঙ্কা রাহানের সঙ্গে রবিন উথাপ্পার ৯৯ রানের জুটি ভারতকে সহজ জয়ের দিকে নিয়ে যায়। বৃষ্টি শুরুর আগে ও পরে উথাপ্পা (৫০) ও চেতেশ্বর পুজারাকে (০) বিদায় করে সাকিব সাফল্য এনে দিলেও খেলার তার কোনো প্রভাব পড়েনি।
মাশরাফির বলে জিয়ার দুর্দান্তে ক্যাচে পরিণত হয়ে রাহানে (৬৪) বিদায় নিলেও অম্বাতি রাইডু ও রায়না দলকে সহজ জয় এনে দেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৭২/৯ (তামিম ০, এনামুল ৪৪, মুমিনুল ৬, মুশফিক ৫৯, সাকিব ৫২, মাহমুদুল্লাহ ৪১, নাসির ২২, জিয়া ২, মাশরাফি ১৮, রাজ্জাক ১৬*, আল-আমিন ১; উমেশ ৩/৪৮, মিশ্র ২/৫৫, রসুল ২/৬০, রায়না ১/২৪, অক্ষর ১/৫৯)
ভারত: ২৪.৫ ওভারে ১৫৩/৩ (উথাপ্পা ৫০, রাহানে ৬৪, পুজারা ০, রাইডু ১৬*, রায়না ১৫*; সাকিব ২/২৭, মাশরাফি ১/২৫)
