সাঙ্গাকারার শতকে শ্রীলঙ্কার পাল্টা জবাব
কুমার সাঙ্গাকারার শতকে লর্ডস টেস্টে পাল্টা জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে অতিথিদের সংগ্রহ ৭ উইকেটে ৪১৫ রান।
তবে এখনও ১৬০ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।
লর্ডসে নিজের প্রথম শতককে ১৪৭ পর্যন্ত নিয়ে যান সাঙ্গাকারা। তার ২৫৮ বলের ইনিংসটি সাজানো ১৬টি চারে। শ্রীলঙ্কার এই বাঁহাতি ব্যাটসম্যানের এটি ৩৬তম টেস্ট শতক।
শনিবার ১ উইকেটে ১৪০ রান নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা। শুরুতেই কৌশল সিলভাকে হারানোয় শুরুটা ভালো হয়নি অতিথিদের।
মাহেলা জয়াবর্ধনের সঙ্গে ১২৬ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন সাঙ্গাকারা। জয়াবর্ধনের (৫৫) বিদায়ের পর লাহিরু থিরিমান্নেও দ্রুত বিদায় নিয়ে অস্বস্তিতে পড়ে শ্রীলঙ্কা।
তবে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে ৯৬ রানের আরেকটি জুটি গড়েন দলকে কক্ষপথে ফেরান সাঙ্গাকারা। বাঁহাতি এই ব্যাটসম্যানকে বিদায় করে স্বাগতিক শিবিরে স্বস্তি ফেরান মঈন আলী।
সাঙ্গাকারার বিদায়ের পর উইকেটরক্ষক ব্যাটসম্যান প্রসন্ন জয়াবর্ধনে ও নুয়ান কুলাসেকারা বিদায় নিলেও দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ম্যাথিউস। শ্রীলঙ্কার অধিনায়ক অপরাজিত রয়েছেন ৭৯ রানে।
ইংল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন ও অভিষিক্ত ক্রিস জর্ডান।
প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৫৭৫/৯ ইনিংস ঘোষণা (রুট ২০০*, প্রায়র ৮৬, বেল ৫৬; প্রদীপ ৪/১২৩, এরাঙ্গা ৩/১৬৩)
শ্রীলঙ্কা: ৪১৫/৭ (করুনারত্নে ৩৮, সিলভা ৬৩, সাঙ্গাকারা ১৪৭, জয়াবর্ধনে ৫৫, থিরিমান্নে ২, ম্যাথিউস ৭৯*, প্রসন্ন ৬, কুলাসেকারা ৯, হেরাথ ০*; অ্যান্ডারসন ২/৭৩, জর্ডান ২/৯৮, মঈন ১/৫৬, ব্রড ১/৬০, প্লানকেট ১/১১৩)
