তৃতীয় ওয়ানডেতেও ‘এ’ দলের হার
বার্বাডোজে তৃতীয় ও শেষ ওয়ানডেতেও হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। নক্রুমাহ বোনারের অপরাজিত শতকে অতিথিদের হারিয়েছে ৬ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স সেন্টার।
চারদিনের দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে হারা অতিথিরা হারল তিন ওয়ানডেতেই।
বৃহস্পতিবার ডেসমন্ড হেইন্স ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৪৪ ওভারে ৪ বলে ২২১ রানে অলআউট হয়ে যায় ‘এ’ দল।
সর্বোচ্চ ৬৬ রান করেন শুভাগত হোম চৌধুরী। তার ৭০ বলের ইনিংসে ছিল ৭টি চার। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান আসে নুরুল হাসানের ব্যাট থেকে।
এছাড়া নাঈম ইসলাম ৩৩ ও মার্শাল আইয়ুব ২৫ রান করেন। এক সময়ে ৪ উইকেটে ২০০ রানে পৌঁছে যাওয়া অতিথিরা মাত্র শেষ ৬ উইকেট হারায় মাত্র ২১ রানে।
স্বাগতিক দলের পক্ষে জোনাথন কার্টার ও কার্লোস ব্রেথওয়েইট তিনটি করে উইকেট নেন।
জবাবে ৪৪ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় হাই পারফরম্যান্স সেন্টার।
১১১ রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা বোনার। তার ১২৮ বলের ইনিংসটি সাজানো ৮টি চার ও ৩টি ছক্কায়। এছাড়া আন্দ্রে ফ্লেচার ৩৯ রান করেন।
‘এ’ দলের পক্ষে শফিউল ইসলাম ৬০ রানে নেন ৩ উইকেট।
