২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুটের শতকে ইংল্যান্ডের দিন

জো রুটের অপরাজিত শতকে লর্ডস টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩৪৪ রান করেছে স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 12:24 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

জো রুটের অপরাজিত শতকে লর্ডস টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩৪৪ রান করেছে স্বাগতিকরা।

লন্ডনের লর্ডস ক্রিকেট মাঠে বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নেমে সপ্তম ওভারেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে অস্বস্তিতে পড়ে ইংল্যান্ড। অভিষিক্ত স্যাম রবসনকে উইকেটরক্ষক প্রসন্ন জয়াবর্ধনের ক্যাচে পরিণত করেন নুয়ান প্রদীপ। আর অধিনায়ক অ্যালিস্টার কুককে বোল্ড করেন নুয়ান কুলাসেকারা।

তৃতীয় উইকেটে গ্যারি ব্যালান্সের সঙ্গে ৫২ এবং রুটের সঙ্গে ৪৬ রানের দুটি জুটি গড়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন ইয়ান বেল। তবে অর্ধশতকে পৌঁছানোর পর সামিন্দা এরাঙ্গার বলে বেল (৫৬)বোল্ড হয়ে গেলে আবার চাপে পড়ে ইংল্যান্ড। এসময় স্বাগতিকদের সংগ্রহ ১২০/৪।

পঞ্চম উইকেটে আরেক অভিষিক্ত মঈন আলীর সঙ্গে ৮৯ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন রুট (৪৮)। মঈনকে বিদায় করে ৩০ ওভার স্থায়ী জুটি ভাঙার কৃতিত্ব রঙ্গনা হেরাথের।

Image
শতক করার পর উদযাপন

শতক করার পর উদযাপন

দলে ফেরা ম্যাট প্রায়রের সঙ্গে ১৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছেন রুট। ১০২ রানে অপরাজিত থাকা রুটের ১৯০ বলের ইনিংসে ছিল ৮টি চার। এটি তার তৃতীয় শতক।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান প্রায়র অপরাজিত রয়েছেন ৭৬ রানে। ২০১২ সালের পর এই প্রথম টেস্টে অর্ধশতক পেলেন তিনি।

৬৭ রানে ২ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার নুয়ান প্রদীপ।

সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড: ৩৪৪/৫ (কুক ১৭, রবসন ১, ব্যালান্স ২৩, বেল ৫৬, রুট ১০২*, মঈন ৪৮, প্রায়র ৭৬*; প্রদীপ ২/৬৭, কুলাসেকারা ১/৬১, হেরাথ ১/৬৮, এরাঙ্গা ১/৮৬)