উইন্ডিজকে ফলোঅন করায়নি নিউ জিল্যান্ড
প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ফলোঅন না করিয়ে আবার ব্যাট করতে নেমেছে নিউ জিল্যান্ড। তৃতীয় দিন শেষে ৮ উইকেট হাতে রেখে তারা এগিয়ে আছে ২৬০ রানে।
প্রথম দুই দিনে মাত্র ৭ উইকেটের পতন হলেও জ্যামাইকা টেস্টের তৃতীয় দিন ছিল বোলারদের দাপট। মঙ্গলবার দুই দল মিলিয়ে পড়েছে ১২ উইকেট।
৭ উইকেটে গড়া নিউ জিল্যান্ডের ৫০৮ রানের প্রথম ইনিংসের জবাবে মাত্র ২৬২ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ২৪৬ রানের লিড পেলেও স্বাগতিকদের ফলোঅন করায়নি নিউ জিল্যান্ড।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে স্বস্তিতে নেই অতিথিরাও। ১৪ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে তারা।
পিটার ফুলটন ও প্রথম ইনিংসে শতক করা কেন উইলিয়ামসনকে হারিয়েছে নিউ জিল্যান্ড। টম ল্যাথামের সঙ্গে ব্যাট করছেন ‘নাইটওয়াচম্যান’ ইস সোধি।
মঙ্গলবার কিংস্টনের স্যাবিনা পার্কে বিনা উইকেটে ১৯ রান নিয়ে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। কোনো ক্ষতি ছাড়াই দলকে ৬০ রান পর্যন্ত নিয়ে যান ক্রিস গেইল ও কাইরন পাওয়েল।
২৮তম ওভারে পাওয়েলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে দলকে ‘ব্রেকথ্রু’ এনে দেন মার্ক ক্রেইগ। সেই ওভারে কার্ক এডওয়ার্ডসকেও ফেরান অভিষিক্ত এই অফস্পিনার।
পরের ওভারে ড্যারেন ব্রাভোকে বিদায় করে অতিথিদের চালকের আসনে নিয়ে আসেন সোধি।
চতুর্থ উইকেটে শিবনারায়ণ চন্দরপলের সঙ্গে ৪৩ রানের জুটি গড়ে বিদায় নেন গেইল। শততম টেস্টের প্রথম ইনিংসে গেইলের ব্যাট থেকে আসে ৬৪ রান। গেইলকে ফেরানোর সেই ওভারে মারলন স্যামুয়েলকেও বিদায় করেন টিম সাউদি।
ষষ্ঠ উইকেটে অধিনায়ক দীনেশ রামদিনের সঙ্গে ৭২ রানের আরেকটি জুটি উপহার দেন চন্দরপল।
সাউদির শিকারে পরিণত হয়ে রামদিন বিদায় নিলে বাকি সময়টুকু প্রায় একাই খেলতে হয়েছে চন্দরপলকে। অন্য দিক থেকে তেমন একটা সহায়তা না পেলেও তার অপরাজিত ৮৪ রানের সুবাদে আড়াইশ’ পার হয় স্বাগতিকদের সংগ্রহ।
নিউ জিল্যান্ডের পক্ষে চারটি করে উইকেট নেন সাউদি ও ক্রেইগ।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ৫০৮/৭ ইনিংস ঘোষণা (উইলিয়ামসন ১১৩, নিশাম ১০৭; বেন ৩/১৪২, শিলিংফোর্ড ৩/১৪৫) ও ১৪/২ (ফুলটন ০, ল্যাথাম ৮*, উইলিয়ামসন ২, সোধি ৪*; টেইলর ১/৪, রোচ ১/৪)
ওয়েস্ট ইন্ডিজ: ২৬২ (গেইল ৬৪, পাওয়েল ২৮, এডওয়ার্ডস ০, ব্রাভো ০, চন্দরপল ৮৪*, স্যামুয়েলস ০, রামদিন ৩৯, রোচ ৪, টেইলর ৭, বেন ১৭, শিলিংফোর্ড ১৪; সাউদি ৪/১৯, ক্রেইগ ৪/৯১, বোল্ট ১/৬৭, সোধি ১/৬৯)
