পাকিস্তানকে গিবস ওরামের 'না'
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর স্বপ্ন দেখা পাকিস্তানের জন্য আরেকটি ধাক্কা। বিমানবন্দরে হামলার পর করাচির টি-টোয়েন্টি লিগে খেলবেন না সাবেক দুই টেস্ট খেলোয়াড় হার্শেল গিবস ও জ্যাকব ওরাম।
গত রোববার করাচি বিমানবন্দরে তালেবান হামলার পর করাচির টি-টোয়েন্টি প্রতিযোগিতা থেকে নিজেদেরকে সরিয়ে নেন ওই দুই ক্রিকেটার। ওমর অ্যাসোসিয়েটসের হয়ে খেলার কথা ছিল তাদের।
দক্ষিণ আফ্রিকার সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান গিবস ও নিউ জিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ওরামের না আসার বিষয়ে দলটির মালিক নাদিম ওমর জানান, তাদের পাকিস্তানে খেলতে আসার ইচ্ছা ছিল কিন্তু এই ঘটনার (বিমানবন্দরে হামলা) পর আর আসতে চান না তারা।
তবে আগামী মাস থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে গিবস ও ওরামকে পাওয়ার আশা এখনও ছাড়েননি নাদিম। তাদের করাচিতে নিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে দলটি।
২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর আর কোনো টেস্ট খেলুড়ে দল পাকিস্তান সফরে আসেনি।
গত রোববার করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে তালিবান হামলায় অন্তত ২৭ জন মারা যান।
