উইলিয়ামসনের শতকে নিউ জিল্যান্ডের দিন
কেন উইলিয়ামসনের অপরাজিত শতকে জ্যামাইকা টেস্টের প্রথম দিন দাপট দেখিয়েছে নিউ জিল্যান্ডের। ভীষণ সতর্ক ব্যাটিং করা অতিথিদের দিন শেষে সংগ্রহ ২ উইকেটে ২৪০ রান।
রোববার কিংস্টনের স্যাবিনা পার্কে টস জিতে ব্যাট করতে নেমে নবম ওভারেই পিটার ফুলটনকে হারায় অতিথিরা।
দ্বিতীয় উইকেটে টম ল্যাথামের সঙ্গে ১৬৫ রানের জুটি গড়েন্ উইলিয়ামসন। অফস্পিনার শেন শিলিংফোর্ডকে ফিরতি ক্যাচ দিয়ে ল্যাথামের বিদায়ে ভাঙে ৬২.১ ওভার স্থায়ী জুটি।
ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে খেলতে নামা ল্যাথামের ব্যাট থেকে আসে ৮৩ রান। তার ২০৬ বলের ইনিংসে ছিল ১০টি চার।
তৃতীয় উইকেটে রস টেইলরের সঙ্গে ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন উইলিয়ামসন। ষষ্ঠ শতকে পৌঁছানো ডানহাতি এই ব্যাটসম্যান ব্যাট করছেন ১০৫ রানে। তার ২৬৩ বলের ইনিংসটি সাজানো ১১টি চারে।
চার মেরে নব্বইয়ে পৌঁছানো উইলিয়ামসন এর পরের ৩৩ বলে কোনো রান নেন নি। দিনের দ্বিতীয় শেষ ওভারে সুলিমান বেনের ওভারে পরপর দুটি চার হাঁকিয়ে তিন অঙ্কে পৌঁছান উইলিয়ামসন।
৩৪ রানে অপরাজিত থাকা টেইলরের ৬৬ বলের ইনিংসে রয়েছে ৬টি চার।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ২৪০/২ (ল্যাথাম ৮৩, ফুলটন ১, উইলিয়ামসন ১০৫*, টেইলর ৩৪*; টেইলর ১/২২, শিলিংফোর্ড ১/৬২)
