ভারত সিরিজে বাদ কেবল রুবেল
ক্যাম্পে শেষ পর্যন্ত প্রাথমিক দলের ১৬ ক্রিকেটার থাকায় ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল মোটামুটি জানাই ছিল। ৩টি ওয়ানডের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দলে জায়গা হয়নি কেবল পেসার রুবেল হোসেনের।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ দল ঘোষণা করে। দলে থাকা পেসার তাসকিন আহমেদ ও মোহাম্মদ মিঠুনের এখনও কোনো আন্তর্জাতিক ওয়ানডে খেলা হয়নি।
ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে দেশের মাটিতে ১৫, ১৭ ও ১৯ জুন তিনটি ওয়ানডে সিরিজ খেলবে জাতীয় দল।
দল সম্পর্কে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, “আমরা প্রায় একই স্কোয়াড রাখার চেষ্টা করেছি। একই সঙ্গে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরুর জন্য হাতে থাকা বিকল্পগুলো নিয়েও আমাদের ভাবতে হয়েছে।”
মিঠুন অনেক দিন ধরেই নির্বাচকদের নজরে আছেন। ফারুক মনে করেন, ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছর ধরে ভালো খেলা মিঠুনের আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়াটা প্রাপ্য।
এরই মধ্যে একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা তাসকিনকে ওয়ানডে ক্রিকেটে পরীক্ষা করে নিতে চান প্রধান নির্বাচক।
ফারুক বলেন, “অভিষেকের পর থেকে ভালো বল করছেন আল-আমিন। মাশরাফি বিন মুর্তজা সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন জিয়াউর রহমান। এই সব বোলিং বিকল্প থাকায় আর দলের ভারসাম্যের জন্য বাদ পড়েছেন রুবেল হোসেন।”
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, আল-আমিন হোসেন, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, এনামুল হক, শামসুর রহমান, মুমিনুল হক, নাসির হোসেন, জিয়াউর রহমান, সোহাগ গাজী, মোহাম্মদ মিঠুন।
