২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩৫৪ রানে অলআউট ‘এ’ দলের প্রতিপক্ষ

বার্বাডোজে দ্বিতীয় চার দিনের ম্যাচের প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দলকে ৩৫৪ রানে অলআউট করেছে বাংলাদেশ ‘এ’ দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 01:33 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি স্বাগতিকদের। তাইজুল ইসলাম ও শুভাগত হোম চৌধুরীর চমৎকার বোলিংয়ে ২০ রানেই বিদায় নেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান আসাদ ফুদাদিন (৪) ও চ্যাডউইক ওয়ালটন (৮)।

তৃতীয় উইকেটে জেরেমাইন ব্লেকউডের সঙ্গে লিয়ন জনসনের ৮০ রানের জুটির প্রতিরোধ ভাঙেন মুক্তার আলী। ব্লেকউডের (৪৫) বিদায়ে ৩ উইকেটে ১০০ রান নিয়ে মধ্যাহ্নভোজে যায় স্বাগতিকরা।

চতুর্থ উইকেটে জোনাথন কার্টারের সঙ্গে ৮৭ রানের আরেকটি ভালো জুটি গড়েন জনসন। শুভাগতর বলে লং অফে মুমিনুল হকের ক্যাচে পরিণত হয়ে বিদায় নেন কার্টার (৫৪)।

দলের রান দুইশ’ পার হওয়ার পর বিদায় নেন সহ-অধিনায়ক জনসনও। ৭৪ রান করা এই ব্যাটসম্যানকে বিদায় করার কৃতিত্ব তাইজুল ইসলামের।

চা-বিরতিতে যাওয়ার সময় স্বাগতিকদের স্কোর ছিল ২৩১/৫। দিনের শেষ সেশনে ১২৩ রান যোগ করলেও শেষ ৫ উইকেট হারায় হাই পারফরম্যান্স দল।

স্বাগতিকদের সংগ্রহ আড়াইশ’ পার হওয়ার পর ইলিয়াস সানির বলে নাসির হোসেনের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে বিদায় নেন সুনীল আমব্রিস (৩৪)। এরপর অ্যাশলি নার্সকে (২২) এলবিডব্লিউর ফাঁদে ফেলে নিজের দ্বিতীয় উইকেটটি নেন সানি। 

দ্বিতীয় নতুন বল নিয়ে তৃতীয় বলেই অতিথিদের সাফল্য এনে দেন পেসার রবিউল ইসলাম। তাইজুল ইসলামের ক্যাচে পরিণত হয়ে বিদায় নেন অধিনায়ক কার্লোস ব্রেথওয়েইট (৪২)।

চার মেরে দলের সংগ্রহ তিনশ’ পার করার পরে বলে দেবেন্দ্র বিশুকে নাসিরের ক্যাচে পরিণত করেন মুক্তার।

৩০৩ রানে ৯ উইকেট হারানো স্বাগতিকরা সাড়ে তিনশ' পার হয় শেলডন কট্রেলের (৪২) আক্রমণাত্মক ব্যাটিংয়ের সৌজন্যে। রবিউলের শিকারে পরিণত হওয়ার আগে তিনি মিগের কামিন্সের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন।

‘এ’ দলের পক্ষে দুটি করে উইকেট পান শুভাগত (২/৪৪), মুক্তার (২/৪৮), রবিউল (২/৬৫), সানি (২/৭৭) ও তাইজুল (২/৯৫)।