বোলিংয়ে বৈচিত্র্য আনছেন সোহাগ
বোলিংয়ে বৈচিত্র্য আনতে পরিশ্রম করে সুফল পাওয়া শুরু করেছেন সোহাগ গাজী। এই অফস্পিনার জানিয়েছেন, বলের টার্ন আরো বেড়েছে তার।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে স্বাগতিক ক্রিকেটাররা। বুধবার অনুশীলনের ফাঁকে সোহাগ বলেন, “বোলিংয়ে বৈচিত্র্য আনার চেষ্টা করছি। কাজ করছি, আশা করছি দিন দিন উন্নতি হবে।”
পেস বোলিং কোচ হিসেবে হিথ স্ট্রিককে নিয়োগ দিলেও এখনো কোনো স্পিন বোলিং কোচ পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচের অভাব অনুভব করছেন সোহাগ।
“স্পিন বোলিং কোচ থাকা খুব দরকার। সাকলায়েন (মুশতাক) ভাই অনেক কিছু শিখিয়ে গেছেন। এখন স্থানীয়ও তেমন কেউ নেই। নিজে নিজেই চেষ্টা করছি। আগে টার্ন কম ছিল, এখন কিছুটা বেড়েছেও।”
ভিডিও দেখে এখন সহজেই একজন বোলারের ডেলিভারি সম্পর্কে জেনে যাচ্ছে ব্যাটসম্যানরা। তাই সোহাগ মনে করেন, টিকে থাকতে প্রতিনিয়ত উন্নতির কোনো বিকল্প নেই।
“জায়গা পরিবর্তন করার চেষ্টা করছি। সামনে যাদের (ভারত) সঙ্গে সিরিজ আছে তারাও বিশ্লেষণ করবে। তাই আমার আরো পরিবর্তন আনতে হবে। নতুন কিছু করার চেষ্টা করতে হবে।”
হঠাৎ করেই ছন্দ হারিয়ে ফেললেও স্বরূপে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী সোহাগ।
“কী ভুল হয়েছে, কী করলে ভালো হতো, এসব নিয়ে অনেক ভেবেছি। উন্নতি করতে হলে আর যা করতে হবে, সেগুলো নিয়ে এখন কাজ করছি।”
টেস্টে শতক থাকলেও আগে নিজেকে বোলারই ভাবেন সোহাগ। বোলিংয়ে যতটা পরিশ্রম করেন, ব্যাটিং নিয়ে ততটা করার সুযোগ হয় না তার।
“ব্যাটিংয়ে ততটা জোর দিতে পারি না। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে কিছুটা অবদান রাখতে পারলে দলের আর নিজেরও লাভ।”
