২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে লড়াইয়ের প্রতিশ্রুতি

বাজে সময় পেছনে ফেলে ভারতের বিপক্ষে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলে মনে করেন দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 07:00 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

১৫, ১৭ ও ১৯ জুন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে বাংলাদেশ। মঙ্গলবার প্রস্তুতি ক্যাম্পের দ্বিতীয় দিন দেশসেরা পেসার জানান, খারাপ সময় পেছনে ফেলতে কঠোর পরিশ্রম করছে পুরো দল।

“অবশ্যই চ্যালেঞ্জিং হবে কিন্তু আমরা সবাই আশাবাদী। শেষ ছয়টা মাস আমাদের খুব খারাপ কেটেছে। সেখান থেকে ফিরতে হলে আমাদের অনেক ভালো খেলতে হবে। ভারতের ব্যাটিং লাইনআপ খুব শক্তিশালী। আগেও ভারতকে হারানোয় আমরা আত্মবিশ্বাসী ভালো খেলতে পারলে আমাদের যথেষ্ট সম্ভাবনা আছে। আমাদের পক্ষে সম্ভব না এমন নয়।”

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপে ভালো খেলতে পারেনি বাংলাদেশ। সেই সময়ে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারার ব্যাখ্যাও দিলেন মাশরাফি।

“গত দুই বছর পারফরম করেছে তারা সঠিক সময়ে ‘ক্লিক’ করতে পারেনি। এটা ছিল সবচেয়ে বড় সমস্যা। সেসব জায়গায় ‘ক্লিক’ করলে আমরা আবার আগের মতো বেশিরভাগ ম্যাচ জিতবো। সঠিক সময়ে সঠিক বোলারা, সঠিক সময়ে সঠিক ব্যাটসম্যানরা পারফরম করতে পারেনি আর টি-টোয়েন্টি বা ওয়ানডেতে এক/দুই ওভারে বা এক/দুইটা ভুলের অনেক চড়া মাসুল দিতে হয়।”

বাজে সময় যে কারোর আসতে পারে। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে লড়াই করে ফেরার মানিসকতা রয়েছে কি না। মাশরাফি জানান, তার সতীর্থদের লড়াই করে ফেরার প্রত্যয় রয়েছে। সবাই চেষ্টা করছে, কাজ করছে, যাতে খারাপ সময় থেকে বের হয়ে আসা যায়।

অন্যান্য দলের মতো বাংলাদেশের ম্যাচ ঘুরিয়ে দেয়ার মতো একক কেউ নেই। তাই জেতার জন্য দলের অনেকেরই অবদান প্রয়োজন হয়।

জাতীয় দলের সহকারী কোচ সারোয়ার ইমরান জানান, অনুশীলনে কঠোর পরিশ্রম করতে হবে শিষ্যদের। পরিশ্রমের কথায় কোনো দুর্ভাবনা নেই মাশরাফির।

“এই পর্যায়ে খেলার জন্য কেউ হালকা অনুশীলনের কথা ভাবতে পারে না। তাহলে অভিষেকই হবে তার শেষ। কোচ যে লক্ষ্য দেন তার চেয়ে বেশি কাজ করার মানসিকতা থাকতে হয়। তাহলেই কোচের লক্ষ্য অর্জন করা যায়।”

১৪ বছরে ক্রিকেট ক্যারিয়ারের শুরুতে সারোয়ার ইমরানকে পেয়েছিলেন মাশরাফি। ভারত সিরিজ পর্যন্ত সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ এই কোচ। আবার তাকে কাছে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত মাশরাফি।

“উনার সঙ্গে বোলিং নিয়ে অনেক কাজ করেছি। উনি আমার অনেক কিছুই ঠিক করে দিয়েছিলেন। বিশেষ করে ‘ইনসুইং ডেলিভারি’ তার কাছ থেকেই শেখা। উনার সঙ্গে সমস্যাগুলো নিয়ে কথা বলার জন্য আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।”

“আমার বিশ্বাস উনি আমাদের অনেক বেশি সহায়তা করতে পারবেন। উনার সঙ্গে ‘কমিউনিকেশন’ খুব ভালো হবে। মন খুলে বলতে পারবে, কোথায় কোনটা সমস্যা হচ্ছে বলতে পারবে। আমার মনে হয় ভুলগুলো ঠিক করার জন্য ভাষাগত একটা জায়গা ঠিক থাকা অবশ্যই জরুরি।”

বাংলাদেশের বিশেষজ্ঞ বোলিং কোচ হিথ স্ট্রিকের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে মাশরাফির। বোলার স্ট্রিককে অনেক উঁচুতে রাখেন মাশরাফি।

“বোলার হিসেবে তিনি ছিলেন অসাধারণ। নিজের সময়ের অন্যতম সেরা বোলার ছিলেন তিনি।”