২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৯২ রানে অলআউট 'এ' দলের প্রতিপক্ষ

ওয়েস্ট ইন্ডিজের হাই পারফরম্যান্স সেন্টারের বিপক্ষে চার দিনের ম্যাচের প্রথম দিন সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ ‘এ’ দল। বার্বাডোজে প্রতিপক্ষকে ২৯২ রানে অলআউট করে দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৫ রান করেছে অতিথিরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 12:11 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

সোমবার উইন্ডওয়ার্ড পার্কে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় স্বাগতিকরা। রবিউল ইসলামে বলে উইকেটরক্ষক নুরুল হাসানের গ্লাভসবন্দী হন অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েইট।

দ্বিতীয় উইকেটে আসাদ ফুদাদিনের সঙ্গে ১২২ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন জেরেমেইন ব্ল্যাকউড। ফুদাদিনের রান আউটে ভাঙে ২২ ওভার স্থায়ী জুটি।

Image
পতন ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স সেন্টারের আরেকটি উইকেটের। বাংলাদেশ 'এ' দলের বোলার শুভাশীষ রায়কে সতীর্থদের অভিনন্দন।

পতন ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স সেন্টারের আরেকটি উইকেটের। বাংলাদেশ 'এ' দলের বোলার শুভাশীষ রায়কে সতীর্থদের অভিনন্দন।

তৃতীয় উইকেটে লিয়ন জনসনের সঙ্গে ৮৫ রানের আরেকটি চমৎকার জুটি উপহার দেন ব্ল্যাকউড। দলকে ২ উইকেটে ১৯৭ রানের দৃঢ় অবস্থানে পৌঁছে দিয়ে বিদায় নেন তিনি। ১৪০ রান করা ব্ল্যাকউডের ১৬০ বলের ইনিংসে ছিল ২৩টি চার ও ১টি ছক্কা। তার বিদায়ের পর নিয়মিত উইকেট হারিয়ে তিনশ' রানও পার হতে পারেনি স্বাগতিকরা। তাদের শেষ ৮ উইকেটের পতন হয় ৯২ রানে। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান করেন জনসন। শেষ সাত ব্যাটসম্যানের কেউ বিশের ঘরে যেতে পারেননি। ‘এ’ দলের পক্ষে তাইজুল ইসলাম ও রবিউল তিনটি করে উইকেট নেন। জবাবে ১ ওভার ব্যাট করা ‘এ’ দল প্রথম দিন কোনো উইকেট হারায়নি। প্রথম ওভারটি খেলা ইমরুল কায়েস অপরাজিত আছেন ৪ রানে। সংক্ষিপ্ত স্কোর: হাই পারফরম্যান্স সেন্টার: ২৯২ (ক্রেইগ ব্রেথওয়েইট ০, ফুদাদিন ২২, ব্ল্যাকউড ১৪০, জনসন ৫৬, কার্টার ১২, ওয়ালটন ১৫, নার্স ৪, কার্লোস ব্রেথওয়েইট ১৫, বিশু ১৪*, কটরেল ৬, কামিন্স ০; তাইজুল ৩/৮৩, রবিউল ৩/৮৬, নাঈম ১/২০, নাসির ১/২৫, শুভাশীষ ১/৪৫) বাংলাদেশ ‘এ’: ৫/০ (ইমরুল ৪*, শামসুর ০*)