২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটে সহকারী কোচ সারওয়ার ইমরান

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব দেয়া হয়েছে সারোয়ার ইমরানকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 07:02 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে বাংলাদেশের অভিষেক টেস্টে কোচের দায়িত্ব পালন করা ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চন্দিকা হাথুরুসিংহে না আসা পর্যন্ত তাকে জাতীয় দলের দায়িত্ব দেয়া হয়েছে।

ইমরান এর আগে জাতীয় দলের কোচ, সহকারী কোচ ও বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন তিনি। একই সঙ্গে জাতীয় পেস বোলিং কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, হাথুরুসিংহে ১০ জুনের মধ্যে বাংলাদেশে আসবেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১৩ জুন বাংলাদেশে আসবে ভারত। সিরিজের জন্য সোমবার থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিমদের অনুশীলন ক্যাম্প শুরু হবে। ১৫, ১৭, ১৯ জুন সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।