বিশ্ববিদ্যালয় ক্রিকেটের ফাইনালে এআইইউবি-ইউল্যাব
বিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের ফাইনালে উঠেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ও ইউভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
মঙ্গলবার সেমি-ফাইনালে এআইইউবি ৯ উইকেটে হারিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে। অন্য সেমি-ফাইনালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে এই ব্যবধানে হারিয়েছে ইউল্যাব।
বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৮৩ রান করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সর্বোচ্চ ১৬ রান করেন হিমেল। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান আসে হাসনাতের ব্যাট থেকে।
জবাবে ৯ ওভার ২ বলে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় এআইইউবি। জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হকের আক্রমনাত্মক ব্যাটিংয়ে ৬৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় এআইইউবি। মাত্র ৩৭ বলে ৫টি ছক্কা ও ৮টি চারের সাহায্যে ৭০ রানে অপরাজিত থাকেন ডানহাতি এই ব্যাটসম্যান।
অন্য ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ৮৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
সর্বোচ্চ ২২ রান করেন নয় নম্বর ব্যাটসম্যান উৎস। এছাড়া ১৮ রান করে আসে রাতুল ও সুব্রতর ব্যাট থেকে।
ইউল্যাবের পক্ষে মুরসালিন বিন মুর্তজা ৪ উইকেট নেন ১০ রানে। দুটি করে উইকেট নেন আনজাম আহমেদ ও অভিষেক মিত্র।
জবাবে মাত্র ৭ ওভার ৫ বলে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইউল্যাব।
সহজ জয়ে বড় অবদান ৪৯ রান করা হাসানুজ্জামানের। তার ২৬ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ২টি চার। ৩০ রানে অপরাজিত থাকেন অভিষেক।
