২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট দলের নেতৃত্বের জন্য ‘প্রস্তুত’ ডি ভিলিয়ার্স

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলের অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স জানিয়েছেন, টেস্টে দলকে নেতৃত্ব দিতে তিনি সম্পূর্ণ প্রস্তুত। আর অধিনায়কত্ব পেলে টেস্টে উইকেটরক্ষকের দায়িত্ব ছাড়তে চান তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 11:50 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

সীমিত ওভারের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন ডি ভিলিয়ার্স। দলকে নেতৃত্ব দেয়ার সময় উইকেটের পেছনে দাঁড়ান না তিনি।

অধিনায়ক হলে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে চান না জানিয়ে বৃহস্পতিবার ক্রিকইনফোকে তিনি বলেন, “সবকিছু এক সঙ্গে করা করা খুব কঠিন হবে। সবকিছু এক সঙ্গে করতে হলে আমি কখনো চ্যালেঞ্জের বাইরে থাকবো না। অধিনায়ক হওয়া আর তারা আমার কাছে যা চায় তা করা একটা বড় চ্যালেঞ্জ হবে।”

এক দশকের বেশি সময় ধরে নেতৃত্বে থাকা গ্রায়েম স্মিথ গত মার্চে অবসর নেয়ায় তার উত্তরসূরি খুঁজতে হচ্ছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে।

২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর স্মিথ সরে দাঁড়ালে সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্বে আসেন স্কুল, ক্লাব বা ফ্র্যাঞ্চাইজি কোথাও অধিনায়কত্ব না করা ডি ভিলিয়ার্স। একই সঙ্গে টেস্ট দলের সহ-অধিনায়কত্বও পান তিনি।

অধিনায়ক হিসেবে শুরুটা ভালো হয়নি ডি ভিলিয়ার্সের। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনাল থেকে বিদায় নেয় তার দল, শ্রীলঙ্কার বিপক্ষে ৪-১ ব্যবধানে হারে ওয়ানডে সিরিজ। আর টি-টোয়েন্টির নেতৃত্ব দেয়া হয় তারই স্কুল জীবনের বন্ধু ফাফ দু প্লেসিকে।

এরপর অবশ্য উন্নতি করেছেন ডি ভিলিয়ার্স। শেষ তিন সিরিজের দুটিতেই জিতেছে তার দল। ডি ভিলিয়ার্সের বিশ্বাস, ‘টেকটিশিয়ান’ হিসেবেও তিনি উন্নতি করেছেন।

“আমি সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেটে দলকে নেতৃত্ব দিয়েছি। এটা ছিল দারুণ একটি যাত্রা আর আমি সেখান থেকে অনেক কিছু শিখেছি। আমি টেস্ট অধিনায়কত্বের জন্য প্রস্তুত।”

নতুন অধিনায়কের প্রথম অ্যাসাইনমেন্ট হবে শ্রীলঙ্কায়। সেখানে স্বাগতিক দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।