২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরেই কলকাতার জয়ে সাকিবের অবদান

সুনীল নারায়ণ, সাকিব আল হাসানের আঁটোসাটো বোলিংয়ের পর রবিন উথাপ্পার আক্রমণাত্মক ব্যাটিংয়ে সহজ জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। শিরোপাধারী মুম্বাই ইন্ডিয়ান্সকে ৬ উইকেটে হারিয়েছে কলকাতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 11:55 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

বোলিংয়ে ৪ ওভার বল করে ২১ রান দিয়ে লেন্ডল সিমন্সের উইকেটটি নেন সাকিব। ব্যাটিংয়ে খুব বেশি কিছু করার সুযোগ ছিল না তার। দলকে জয়ের একেবারে কাছাকাছি নিয়ে গিয়ে লাসিথ মালিঙ্গার বল উড়িয়ে মারতে গিয়ে অম্বাতি রাইডুর ক্যাচে পরিণত হয়ে বিদায় নেন সাকিব (৮ বলে ৯)।

১০ খেলায় এটি কলকাতার পঞ্চম জয়। আর সমান খেলায় মুম্বাইয়ের সপ্তম পরাজয়।

বুধবার কটকের বারাবাতি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৪১ রান করে মুম্বাই।

ষষ্ঠ ওভারে ৩৫ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ে শুরুটা ভালো হয়নি মুম্বাইয়ের। দ্বাদশ ওভারে রাইডুর বিদায়ে মুম্বাইয়ের স্কোর দাঁড়ায় ৭০/৩।

এরপরও দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়ার চেষ্টা করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা ও কোরি অ্যান্ডারসন (১৮)। সুনীলের বলে বোল্ড হয়ে বিদায় নেয়ার আগে ৫১ রান করেন রোহিত। তার ৪৫ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছক্কা।

কলকাতার পক্ষে মর্নে মরকেল ২ উইকেট নেন ৩৫ রানে।

জবাবে ৮ বল অব্যবহৃত রেখে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা।

অধিনায়ক গৌতম গম্ভীরের (১৪) সঙ্গে ৫০ ও মনিশ পাণ্ডের (১৪) সঙ্গে ৪৬ রানের চমৎকার দুটি জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে আসেন উথাপ্পা। ষোড়শ ওভারের শেষ বলে তিনি বিদায় নেয়ার সময় কলকাতার সংগ্রহ ১১৬/৩।

৫২ বলে খেলা উথাপ্পার ৮০ রানের ইনিংসে ছিল ৯টি চার ও ৩টি বিশাল ছক্কা। এরপর বাকি কাজটুকু সারতে কোনো সমস্যা হয়নি আইপিএলের শততম ম্যাচ খেলতে নামা ইউসুফ পাঠানের (অপরাজিত ২০)।

মুম্বাইয়ের পক্ষে হরভজন সিং ২ উইকেট নেন ২২ রানে।