২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড দলে ফিরলেন কারবেরি

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন মাইকেল কারবেরি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 12:41 AM

Updated : 25 Apr 2022, 04:11 PM

২০ মে দ্য ওভালে হবে একমাত্র টি-টোয়েন্টি। একই ভেন্যুতে ২২ মে থেকে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

দুটি দলেই জায়গা পেয়েছেন টিম ব্রেসনান। মঈন আলীকে রাখা হয়েছে শুধু টি-টোয়েন্টি দলে। প্রথম তিন ম্যাচের জন্য ওয়নডে দল ঘোষণা করেছে স্বাগতিকরা।

ইংল্যান্ড দলে কোনো নতুন মুখ নেই। কারবেরির ফেরাটাই সবচেয়ে বড় চমক। ওয়েস্ট ইন্ডিজ সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া কারবেরি আবার একটা সুযোগ পেলেন নিজেকে প্রমাণ করার।

নতুন কোচ পিটার মুরস আর নির্বাচক প্যানেলের নতুন সদস্য মিক নিওয়েল ও অ্যাঙ্গুস ফ্রেজার আস্থা রেখেছেন এই উদ্বোধনী ব্যাটসম্যানের ওপর। মাইকেল লাম্ব বাদ পড়েছেন টি-টোয়েন্টিতে তিনি আলেক্স হেলসের সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন।

এখনো কোনো টি-টোয়েন্টি খেলেননি কারবেরি। আর ওয়ানডে খেলেছেন মাত্র ৫টি। তবুও নির্বাচক জেমস হোয়াইটাকারের বিশ্বাস, সফল হবেন কারবেরি। এই ব্যাটসম্যানের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই হোয়াইটাকারের।

লাম্বের সঙ্গে বাদ পড়েছেন লুক রাইট, স্টেফান পেরি, জাদে ডার্নবাখ। খেলা হচ্ছে না স্টুয়ার্ট ব্রডের। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ওয়েন মর্গান।

স্কটল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডের দল থেকে কেবল মঈনকে বাদ দিয়েছে ইংল্যান্ড।

টি-টোয়েন্টি দল: ওয়েন মর্গান (অধিনায়ক), ম্ঈন আলী, ইয়ান বেল, রবি বোপারা, টিম ব্রেসনান, জস বাটলার, মাইকেল কারবেরি, হ্যারি গারনে, আলেক্স হেলস, ক্রিস জর্ডান, জো রুট, জেমস ট্রেডওয়েল ও ক্রিস ওয়কস।

ওয়ানডে দল (প্রথম তিন ওয়ানডের): অ্যালিস্টার কুক (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, গ্যারি ব্যালান্স, ইয়ান বেল, রবি বোপারা, টিম ব্রেসনান, জস বাটলার, মাইকেল কারবেরি, হ্যারি গারনে, ক্রিস জর্ডান, ওয়েন মর্গান, জো রুট, জেমস ট্রেডওয়েল ও ক্রিস ওয়কস।