প্রথম দ্বিশতকে ইমরুলের উচ্ছ্বাস
প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম দ্বিশতক পেয়ে ভীষণ উচ্ছ্বসিত ইমরুল কায়েস। উত্তরাঞ্চলের বিপক্ষে তার ২০৪ রানের দুর্দান্ত ইনিংসের সৌজন্য বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শিরোপা জয়ের পথে অনেকখানি এগিয়ে গেছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের এটাই প্রথম দ্বিশতক। তৃতীয় দিনের খেলা শেষে সাংবাদিকদের ইমরুল জানান, এই দ্বিশতক তিনি উৎসর্গ করেছেন বাবা-মাকে।
“অবশ্যই খুব ভালো লাগছে। অনেক দিন ধরেই লক্ষ্য ছিল একটা দ্বিশতক করতে হবে। দ্বিশতক না হলে বর্তমানে বাংলাদেশে একজন ‘টপ অর্ডার’ ব্যাটসম্যান হিসেবে স্বীকৃতি পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে এটি আমার জন্য খুবই দরকার ছিলো।”
গত কিছু দিনে দ্বিশতক পেয়েছেন শামসুর রহমান ও ফরহাদ রেজা। তাদের সাফল্যে অনুপ্রাণিত হয়েছেন জানিয়ে ইমরুল বলেন, “টপ অর্ডারের অন্য ব্যাটসম্যানরা দ্বিশতক করলে মনে হয়, আমি কেন পারবো না, আমাকেও পারতে হবে। দ্বিশতক সব ক্রিকেটারের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ আর অর্জন।”
“আগে থেকেই ইচ্ছে ছিল দ্বিশতক করার। আমি সব সময় আমার সর্বোচ্চ সংগ্রহকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি। আর আমাদের পরিবেশই বলে দিচ্ছে আমার ক্রিকেটের আরো উন্নতি করতে হবে। সেই জন্যই এই চ্যালেঞ্জ নেয়া”, যোগ করেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে ইমরুলের আগের সর্বোচ্চ ছিল ১৩৮ রান।
প্রথম ইনিংসে লংঅনের ওপর দিয়ে মারতে গিয়ে বাজে আউট হয়েছিলেন ইমরুল। এবার তাই উঠিয়ে মারতে চাননি, বল মাটিতে রাখার পরিকল্পনা নিয়েই নেমেছিলেন তিনি।
“১৪০ রান হয়ে যাওয়ার পর ভেবেছি মাথা ঠাণ্ডা করে খেলতে পারলে সহজেই দ্বিশতক পাবো।”
উঠিয়ে না খেলার ইচ্ছে থাকলেও ৯টি ছক্কা এসেছে বাঁহাতি এই ব্যাটসম্যানের ব্যাট থেকে। তার ব্যাখ্যায় বলেন, “আসলে এটা পরিস্থিতিই বলে দিয়েছে। বোলার যদি ‘ফ্লাইট’ দেয় ব্যাটসম্যান স্বভাবতই এগিয়ে এসে খেলবে।”
ইমরুল জানান, স্পোর্টিং উইকেটে খেলা হচ্ছে, তাই ব্যাটসম্যান বা বোলার যিনি ভালো করবেন তিনিই সহায়তা পাবেন।
প্রথম ইনিংসে ৮৬ রানে ৮ উইকেট পাওয়া তাইজুল ইসলাম দ্বিতীয় ইনিংসে ১ উইকেট নিয়েছেন ১০৯ রানে। ইমরুল জানালেন বাঁহাতি এই স্পিনারকে সামলানোর কৌশল।
“চার দিনের ক্রিকেটে ওকে আক্রমণ না করে স্বাভাবিকভাবে খেললে ওকে সহজেই সামলানো যায়। কোনো ব্যাটসম্যান ওকে সামনে খেললে সে খুব বিপজ্জনক। যদি পা ব্যবহার করা যায় তাহলে সে খুব সহজ।”
ম্যাচের ফলাফল নিয়ে এখন আর কোনো শঙ্কা নেই ইমরুলের।
“ম্যাচ পুরোটা আমাদের হাতে। আগামীকাল প্রথম দুই সেশনে ব্যাটিংয়ের ইচ্ছে আছে। ম্যাচ ড্র হলে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাবো। ওদের অনেক বড় লক্ষ্য দেব যেন ওরা সহজে অতিক্রম করতে না পারে।”
প্রায় আড়াই বছর টেস্ট দলে ফেরা ইমরুল বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর করবেন। সেই সফরে ভালো করার প্রত্যয় শ্রীলঙ্কার বিপক্ষে গত সিরিজের প্রথম টেস্ট শতক পাওয়া বাঁহাতি এই ব্যাটসম্যানের।
“ভালো খেলার লক্ষ্য নিয়ে যাবো। সামনে সেখানেই টেস্ট ম্যাচ আছে; তাই নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাই।”
