ইমরুলের দ্বিশতক, মিঠুনের শতক
বাংলাদেশ ক্রিকেট লিগের(বিসিএল) ফাইনালের তৃতীয় দিনে দ্বিশতক করেছেন দক্ষিণাঞ্চলের উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। শতক পেয়েছেন ৪ নম্বরে ব্যাট করতে নামা মোহাম্মদ মিঠুন।
এ দুজনের দারুণ ব্যাটিংয়ে রোববার তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৪১০ রান করেছে দক্ষিণাঞ্চল। উত্তরাঞ্চলের চেয়ে ৪৪৬ রানে এগিয়ে তারা।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিএলের ফাইনালের প্রথম দুদিন ছিল বোলারদের দাপট। আর তৃতীয় দিন দাপট দেখালেন ব্যাটসম্যানরা।
৩৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমে ৫৭ রানেই এনামুল হকের (২১) উইকেট হারায় দক্ষিণাঞ্চল। তবে সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়েন ইমরুল।
তবে ম্যাচের সর্বোচ্চ ২৫৭ রানের জুটিটি আসে এর পর। তৃতীয় উইকেটে মিঠুনের সঙ্গে এই জুটি গড়েন শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্বিশতক করা ইমরুল।
২০৪ রান করে ফরহাদ রেজার বলে শুভাশীষ রায়কে ক্যাচ দেয়ার আগে ২৬৬ বলের ইনিংসটি ইমরুল সাজিয়েছেন ২০টি চার ও ৯টি ছক্কায়।
মিঠুন অবশ্য ১৩টি চার ও ৫টি ছয়ে ১৫৫ বলে ১১১ রান করে অপরাজিত আছেন। তার সঙ্গী শুভাগত হোমের রান ১০।
দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে ৪৪৬ রানে এগিয়ে দক্ষিণাঞ্চল। দিনের খেলা শেষে ইমরুল জানান, চতুর্থ দিনে অন্তত দুই ইনিংসে ব্যাট করার পরিকল্পনা রয়েছে তাদের। ম্যাচের ফলাফল নিয়ে এখন আর কোনো শঙ্কা নেই তার।
“ম্যাচ পুরোটা আমাদের হাতে। আগামীকাল প্রথম দুই সেশনে ব্যাটিংয়ের ইচ্ছে আছে। ম্যাচ ড্র হলে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাবো। ওদের অনেক বড় লক্ষ্য দেব যেন ওরা সহজে অতিক্রম করতে না পারে।”
