২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লম্বা সময় ব্যাট করতে চান নাসির

বাংলাদেশ 'এ' দলের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া নাসির হোসেন ওয়েস্ট ইন্ডিজ সফরে দীর্ঘ সময় ধরে ব্যাটিং করতে চান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 07:36 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

পুরনো খবর:

উইন্ডিজ সফরে 'এ' দলের অধিনায়ক নাসির

অগাস্ট-সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তার আগে চলতি মাসের শেষ সপ্তাহে সেখানে সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। ওয়েস্ট ইন্ডিজের হাই পারফরম্যান্স সেন্টারের সঙ্গে দুটি চার দিনের ম্যাচ, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।

অধিনায়ক নাসির হোসেনের বিশ্বাস, 'এ' দলের সফরটি তাদের বাড়তি সহায়তা দেবে।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালের দ্বিতীয় দিনের খেলা শেষে সাংবাদিকদের নাসির বলেন, “ফিরে আসার জন্য সব ম্যাচই গুরুত্বপূর্ণ। আর ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে আমি আগেও খেলেছি। ওখানে বেশি সময় ধরে ব্যাট করতে পারলে তা আমার ক্যারিয়ারের জন্য ভালো হবে।”

ওয়েস্ট ইন্ডিজ সফরেই স্বরূপে ফিরতে চান নাসির। নির্দিষ্ট কোনো লক্ষ্য স্থির করে যাচ্ছেন না তিনি। তবে যত বেশি সময় সম্ভব ব্যাট করতে চান তিনি।

‘এ’ দলের নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত নাসির। অধিনায়কত্ব উপভোগ করেন তিনি।

“খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না। আশা করছি, প্রত্যেকেই সহায়তা করবে। আর দলের প্রায় সবাইকে অনেক দিন ধরেই চিনি। চেষ্টা করবো যতটুকু অভিজ্ঞতা আছে শেয়ার করার।”

অন্যদের ব্যর্থতার পরও নাসিরের দৃঢ়তায় লিডের স্বপ্ন দেখছিল বিসিবি উত্তরাঞ্চল। ৭০ রানের চমৎকার ইনিংস খেললেও শেষটা ভালো হয়নি অধিনায়কের।

“আমি উইকেট ছুড়ে এসেছি। হয়তো ঐ সময়ে সেই শটটি আমার খেলা ঠিক হয়নি। তবে আমার কাছে যেটা সবচেয়ে ভালো মনে হয়েছে সেটাই করেছি।”

প্রথম ইনিংসে ৩৬ রানের ছোট্ট কিন্তু কার্যকর লিড নিয়ে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল আপাতত এগিয়ে আছে মানছেন নাসির। তবে নিজেদের খুব বেশি পেছনে ভাবতে রাজি নন তিনি।

“আমি বলবো না আমরা বেশি ব্যাকফুটে আছি। পাঁচ দিনের ম্যাচ, তাই ড্র হওয়ার সম্ভাবনা কম। কাল যত দ্রুত সম্ভব ওদের অল-আউট করতে হবে।”