স্কটল্যান্ডকে সহজেই হারাল ইংল্যান্ড
একমাত্র ওয়ানডেতে সহজেই স্কটল্যান্ডকে হারিয়েছে ইংল্যান্ড। বৃষ্টির কারণে ২০ ওভারে নেমে আসা ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে অতিথিদের জয় ৩৯ রানে।
শুক্রবার আবেরডিনে ম্যানোফিল্ড পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৭ রান করে ইংল্যান্ড।
অধিনায়ক অ্যালিস্টার কুকের সঙ্গে ইয়ান বেলের ৮৩ রানের উদ্বোধনী জুটি ইংল্যান্ডকে ভালো সূচনা এনে দেয়। অর্ধশতকে পৌঁছানোর পর বেল (৫০) বিদায় নিলে ভাঙে ৬৯ বল স্থায়ী জুটি। বেলের ৩৪ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছক্কা।
ষোলতম ওভারে বিদায় নেয়ার আগে ৪৪ রান করে কুক। তার ৪৭ বলের ইনিংসে ছিল ৪টি চার।
অধিনায়কের বিদায়ের পর ওয়েন মর্গান (৩১) ও জো রুটের (১৭) আক্রমণাত্মক ব্যাটিংয়ে লড়াইয়ের সংগ্রহ গড়ে ইংল্যান্ড।
ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয়ের জন্য ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৩৩ রানে থেমে যায় স্কটল্যান্ডের ইনিংস।
মাইকেল লিয়াসাকের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪২ রান। তার ১৬ বলের ইনিংসে ছিল ২টি চার ও ৫টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন ম্যাট মাচান। এই দুজন ছাড়া দুই অঙ্কে পৌঁছান কেবল মজিদ হক (অপরাজিত ১৮)।
ইংল্যান্ডের পক্ষে জেমস ট্রেডওয়েল ৪ উইকেট নেন ৪০ রানে। এছাড়া জেমস অ্যান্ডরসন ও রবি বোপারা দুটি করে উইকেট নেন।
