২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলে খেলার স্বপ্ন তাইজুলের

সময়টা দারুণ কাটছে তাইজুল ইসলামের। বাঁহাতি এই স্পিনারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শিরোপা জয়ের স্বপ্ন বিসিবি উত্তরাঞ্চলের। আর তাইজুল নিজে দেখছেন জাতীয় দলে খেলার স্বপ্ন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 06:13 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের ফাইনালে তাইজুলের (৮/৮৬) দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ২৭১ রানে অলআউট হয়ে যায় প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। জবাবে দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ১৫ রান করেছে উত্তরাঞ্চল।

প্রথম দিনের খেলা শেষে সাংবাদিকদের তাইজুল বলেন, “সব সময়ই আরো ভালো খেলার ভাবনা নিয়ে মাঠে নামি। আর স্বপ্ন দেখি জাতীয় দলে খেলার।”

প্রথমশ্রেণির ক্রিকেটে ১৭ ম্যাচে ৮ বার ৫ উইকেট নিয়েছেন তাইজুল। চলতি বছর তিনবার ম্যাচে দশ উইকেট নিয়েছেন ২২ বছর বয়সী এই স্পিনার। সাফল্যের পেছনে কৃতিত্ব দিলেন নিজের ভালো করার প্রবল প্রতিজ্ঞাকেই।

“আলাদা কিছু করি না। ইচ্ছাটা হল ভালো খেলার। আমি যখন বোলিং করি মনযোগ সহকারে নিজের জায়গায় বল করার চেষ্টা করি। আলাদা হচ্ছে আমার প্রচেষ্টা, মনযোগ আর ভালো খেলার চেষ্টা।”

বিসিএলে ছয় ইনিংসে পাঁচবার ৫ উইকেট নেয়া তাইজুল জানান, সময়টা ভীষণ উপভোগ করছেন তিনি। “সময়টা ভালো যাচ্ছে। উইকেট পেলে তো ভালো লাগে। দলের সবাই অনেক সহায়তা করছে।”

বিসিএলের ফাইনালের প্রথম দিনে ২৮ ওভার বল করেছেন তাইজুল। কাজটা খুব কষ্টকর ছিল জানিয়ে তাইজুল বলেন, “একটা সময় একটু খারাপ লাগছিল। উইকেট পাচ্ছিলাম তো খারাপ লাগার অনুভূতিটা সেভাবে আসছিল না।”

জাতীয় দলে খেলার স্বপ্ন দেখলেও কাউকে প্রতিপক্ষ ভাবেন না তাইজুল। তার সব ভাবনা নিজের পারফরম্যান্স নিয়েই।

ব্যাটিং সহায়ক উইকেটে প্রতিপক্ষকে সহজে রান না দেয়ার পরিকল্পনা নিয়ে নেমেছিলেন জানিয়ে তাইজুল বলেন, “প্রতিটি বল প্রতিপক্ষের ব্যাটসম্যানরা খেললে উইকেট পেতে সহায়তা হয়। উইকেট ভালো ছিল তাই আমাদের পরিকল্পনা ছিল যত সম্ভব রান কম দেয়া আর ডট বল নেয়া।”

“উইকেট ছিল ব্যাটিং সহায়কই। কিন্তু ওরা বেশি শট খেলার চেষ্টা করেছে। নয়তো এখানে অনেক রান হওয়ার কথা ছিল। বেশি শট খেলার কারণে অলআউট হয়ে গেছে।”

চলতি মৌসুমে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ও বিসিএল মিলিয়ে এ পর্য ন্ত ১১ ম্যাচে ২০.৬২ গড়ে ৫৩ উইকেট নিয়েছেন তাইজুল। এই মৌসুমের আগে পাঁচ উইকেট নিয়েছিলেন আর একবারই।

পুরনো খবর:

তাইজুল ঘূর্ণিতে উত্তরাঞ্চলের জয়