রোহিতের ব্যাটে মুম্বাইয়ের জয়
ভারতে ফিরে অন্য চেহারা সংযুক্ত আরব আমিরাতে টানা পাঁচ ম্যাচ হারা মুম্বাই ইন্ডিয়ান্সের। টানা পাঁচ ম্যাচ জেতা কিংস ইলেভেন পাঞ্জাবের জয়রথ থামানো দলটির এবার শিকার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মঙ্গলবারের ম্যাচে ১৯ রানে জিতেছে মুম্বাই।
সাত খেলায় এটি মুম্বাইয়ের টানা দ্বিতীয় জয়। সমান খেলায় ব্যাঙ্গালোরের চতুর্থ পরাজয়।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৭ রান করে স্বাগতিক দল।
চিদাম্বরাম গৌতম (৩০) ও বেন ডাঙ্কের (১৫) প্রচেষ্টার পরও দশম ওভারে ৮৪ রানে ৪ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে মুম্বাই।
সেখান থেকে দলকে দুইশ রানের কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব অধিনায়ক রোহিত শর্মা ও কাইরন পোলার্ডের। পঞ্চম উইকেটে ৯৭ রানের জুটি গড়েন এই দুজনে।
পোলার্ড (৪৩) রান আউট হয়ে গেলে ভাঙে ১০ ওভার বা ৬০ বল স্থায়ী জুটি। ৫৯ রানে অপরাজিত থাকেন রোহিত। তার ৩৫ বলের অধিনায়কোচিত ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা।
জবাবে ৮ উইকেটে ১৬৬ রানে থেমে যায় ব্যাঙ্গালোরের ইনিংস।
ব্যাঙ্গালোরকে লড়াইয়ে রেখেছিলেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ক্রিস গেইল (৩৮), অধিনায়ক বিরাট কোহলি (৩৫) ও পার্থিব প্যাটেল (২৬)।
এই তিনজনের দৃঢ়তায় দশম ওভারে ১ উইকেটে ৯৪ রানের দৃঢ় অবস্থানে পৌঁছেছিল ব্যাঙ্গালোর। কিন্তু এরপর রিলি রুশো (২৪) ছাড়া আর কোনো ব্যাটসম্যান ভালো করতে না পারায় হার এড়াতে পারেনি দলটি।
মুম্বাইয়ের পক্ষে জাসপিত বামরাহ, লাসিথ মালিঙ্গা ও হরভজন সিং দুটি করে উইকেট নেন।
