মেন্ডিস কুলাসেকারা জেতালেন শ্রীলঙ্কাকে
অজন্তা মেন্ডিস ও নুয়ান কুলাসেকারার নৈপুণ্যে প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে সহজেই ৭৯ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অতিথিরা।
মঙ্গলবার ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২১৯ রান করে শ্রীলঙ্কা।
প্রথম ওভারেই কোনো রান না করে কৌশল পেরেরার বিদায়ে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। টপ অর্ডারের অন্য দুই ব্যাটসম্যান উপুল থারাঙ্গা ও লাহিরু থিরিমান্নেও ভালো করেননি। তাই ১৮ ওভারে অতিথিদের স্কোর দাঁড়ায় ৫৭/৩।
ওয়ানডের সহ-অধিনায়কত্ব হারানো দীনেশ চান্দিমালের ৩৯, আশনা প্রিয়াঞ্জনের ৩১ ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের ৩০ রানের পরও ১৬০ রানে ৭ উইকেট হারিয়ে বিপদে পড়ে শ্রীলঙ্কা।
নবম উইকেটে মেন্ডিসের (অপরাজিত ১৮) সঙ্গে নুয়ান কুলাসেকারার (অপরাজিত ৪২) ২২ বল স্থায়ী ৪৩ রানের জুটিতে দুইশ’ পার হয় অতিথিদের সংগ্রহ।
আয়ারল্যান্ডের পক্ষে টিম মুরতাঘ ২ উইকেট নেন ২১ রানে।
জবাবে ৩৯ ওভার ৫ বলে ১৪০ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড।
লক্ষ্য তাড়া করতে নেমে ৫ রানেই ২ উইকেট হারানোয় শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। উইলিয়ামসন পোর্টারফিল্ড (৩৭) ও নিয়াল ও’ব্রায়েন (৩৩) দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেছিলেন।
কিন্তু দলীয় ৬৩ রানে নিয়ালের বিদায়ের পরে ১১ রান যোগ করতে আরো ৩ উইকেট হারিয়ে আবারো বিপদে পড়ে দলটি। শেষ চার ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছালেও দলকে লক্ষ্যের ধারে কাছে নিতে পারেননি।
শ্রীলঙ্কার পক্ষে মেন্ডিস (৩/২৭) ও ও সুরঙ্গা লাকমল (৩/২৯) তিনটি করে উইকেট নেন। সর্বোচ্চ রান করা কুলাসেকারা ২ উইকেট নেন ৩০ রানে।
বৃহস্পতিবার দ্বিতীয় ও শেষ ম্যাচ একই ভেন্যুতে হবে।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২১৯/৮ (কৌশল ০, থারাঙ্গা ২৪, থিরিমান্নে ৮, চান্দিমাল ৩৯, ম্যাথিউস ৩০, ভিথানাগে ৫, প্রিয়াঞ্জন ৩১, কুলাসেকারা ৪২*, সেনানায়েকে ৩, মেন্ডিস ১৮*; মুরতাঘ ২/২১, কেভিন ১/১০, থম্পসন ১/১৯, স্টার্লিং ১/৩৯, ডকরেল ১/৪৫, কুসাক ১/৫৩)
আয়ারল্যান্ড: ৩৯.৫ ওভারে ১৪০ (পোর্টারফিল্ড ৩৭, স্টার্লিং ৪, জয়েস ০, নিয়াল ৩৩, উইলসন ৩, কেভিন ০, থম্পসন ১, কুসাক ১০, সোরেনসেন ১৭, ডকরেল ১৮*, মুরতাঘ ১০; মেন্ডিস ৩/২৭, লাকমল ৩/২৯, কুলাসেকারা ২/৩০, সেনানায়েকে ১/২৭)
ম্যাচ সেরা: অজন্তা মেন্ডিস।
